রাজশাহীতে হরতালে বিক্ষিপ্ত সংঘর্ষ
রাজশাহীতে হরতালের শুরুতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
সকাল সাতটার দিকে নগরীর বিনোদপুর এলাকায় শিবির কর্মীরা গাছের ডালপালা জড়ো করে আগুন জ্বালিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে।
খবর পেয়ে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় জামায়াত-শিবির কর্মীরা একটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন।
এদিকে সকাল ১০টার দিকে শহরের বাইপাস রোডের হরিয়ান এলাকায় দুটি ট্রাকে ভাংচুর করে একটিতে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকরা। স্থানীয় লোকজন দ্রুত ওই আগুন নিভিয়ে ফেলে।
নগরীর কালাইমারি এলাকার রাস্তায় সাড়ে ১১টার দিকে হরতাল সমর্থকরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে । এ সময় তারা পুলিশকে লক্ষ্ করে ইট-পাটকেল ছুড়লে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
মহানগর গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন জানান, নগরীর বিভিন্ন স্থান থেকে ৪৭ জন জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
হরতালে নগরীতে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়ন রয়েছে।
অভ্যন্তরীণ রুটে যান চলাচল অনেকটাই স্বাভাবিক থাকলেও সকাল থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি।
বিকাল পাঁচটা থেকে বাস ছাড়া শুরু হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান দূরপাল্লার বাস কাউন্টার মাস্টার সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম খোকন।
কক্সবাজারে সহিংসতায় হতাহতের ‘প্রতিবাদে’ এই হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের জন্য যে দলটিকে নিষিদ্ধের দাবি জোরালো হয়ে উঠেছে সারা দেশে।
