২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনাল আইন সংশোধনকে স্বাগত এরশাদের

যে কোনো রায়ের বিরুদ্ধে সরকারের আপিল এবং যুদ্ধাপরাধী সংগঠনগুলোকেও বিচারের আওতায় আনার বিধান যোগ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 07:02 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

রোববার জাতীয় সংসদে আইন সংশোধনের বিল পাসের পর নিউ ইয়র্কে অবস্থানরত এরশাদ এক প্রতিক্রিয়ায় বলেন, “এর ফলে বিচার ব্যবস্থা আরো সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার পথ খুঁজে পাবে। কারণ উভয়পক্ষই আপিলের সমান সুযোগ পাবে।”

আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজা হলে ওই রায়ের বিরুদ্ধে প্রসিকিউশনের আপিলের সুযোগ না থাকার বিষয়টি আলোচনায় আসে।

এর মধ্যে দেশব্যাপী গণজাগরণের মুখে সরকার আইন সংশোধনের উদ্যোগ নেয়। রোববার সংসদে সর্বসম্মতভাবে তা পাস হয়।  

সংসদ সদস্য এরশাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া প্রতিক্রিয়ায় শাহবাগের আন্দোলনকারীদেরও অভিনন্দন জানান।

“কারণ তাদের দুর্বার আন্দোলনের মাধ্যমেই এ ত্রুটি সংশোধনের পথ ত্বরান্বিত হয়েছে,” বলেন তিনি।

“একাত্তরের কলঙ্ক থেকে জাতি এখন মুক্ত হবে ন্যায় বিচারের পথ ধরে।”

গত ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে পৌঁছান এরশাদ। সফরে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীসহ কংগ্রেসের গুরুত্বপূর্ণ অর্ধ ডজন সদস্যের সঙ্গে বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।

আগামী ১৯ ফেব্রুয়ারি তার ঢাকায় ফেরার কথা রয়েছে।