খালেদার সঙ্গে সালমান খুরশিদের সাক্ষাৎ
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বাংলাদেশে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশার কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ।
দুদিনের সফরে ঢাকায় আসা সালমান খুরশিদ রোববার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাড়িতে যান।
তিনি বিএনপি চেয়ারপরসনকে বলেন, “আমরা আশা করি, সরকার ও বিরোধী দল আলোচনার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাবে।”
সালমান খুরশিদকে সেখানে অভ্যর্থনা জানান বিএনপির সহসভাপতি, সাবেক কূটনীতিক শমসের মবিন চৌধুরী।
তিনি সাংবাদিকদের জানান, তিস্তার পানি বণ্টন চুক্তি, সীমান্ত হত্যাকাণ্ড বন্ধসহ দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতার ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে।
শমসের মবিন বলেন, “সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নেমে আনার বিষয়ে ভারত বার বার প্রতিশ্রুতি দিলেও তা কার্যকর না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা।
“জবাবে পররাষ্ট্রমন্ত্রী তা শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখার কথা জানান।”
তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ‘ইতিবাচক’ কথা বলেছেন বলে জানান তিনি।
ভারত থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদক চোরাচালান বন্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান বিরোধীদলীয় নেতা।
ভুটান থেকে জ্বালানি আমদানির বিষয় নিয়ে সালমান খুরশিদের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে শমসের মবিন বলেন, “তিনি (সালমান) আঞ্চলিক সহযোগিতায় তার সরকারের ইতিবাচক মনোভাবের কথা প্রকাশ করেন।”
শনিবার ভুটানের রাজার সঙ্গে জ্বালানি আমদানির বিষয়ে আলোচনা করেন খালেদা জিয়া।
শমসের মবিন জানান, বিএনপি চেয়ারপারসন তার দলের মার্চে অনুষ্ঠেয় জাতীয় কাউন্সিলে ভারতের ক্ষমতাসীন কংগ্রেসকে আমন্ত্রণ জানাবেন বলে সালমান খুরশিদকে জানিয়েছেন।
কাউন্সিলে কংগ্রেসের পাশাপাশি ভারতের প্রধান বিরোধী দল বিজেপিকে আমন্ত্রণ জানাবে বিএনপি।
সালমান খুরশিদ বিরোধীদলীয় নেতাকে আবার ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে জানান শমসের মবিন।
গত অক্টোবরে ভারত সরকারের আমন্ত্রণে দিল্লি সফরকালে সালমান খুরশিদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক হয়।
বিরোধীদলীয় পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শুভেচ্ছা জানান।
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে খালেদার সঙ্গে শমসের মবিন ছাড়াও ছিলেন রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ।
ঢাকায় ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণও বৈঠকে ছিলেন।
