২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গণরোষ থেকে বাঁচতে বিএনপিকে তওবা করতে হবে’

যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে বিএনপির পিঠ ‘দেয়ালে ঠেকে গেছে’ বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2013, 04:06 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

শনিবার বিকালে নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে মহানগর ১৪ দলীয় জোট আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, “বিএনপির আর পালানোর পথ নেই। তারা  এখন গণধিক্কারের শিকার হবে।

“বিএনপিকে গণরোষ থেকে বাঁচতে হলে তওবা করে জনগণের কাতারে শামিল হয়ে গণজাগরণের সঙ্গে একাত্মতা জানাতে হবে।”

মন্ত্রী বলেন, জামায়াত-শিবির হচ্ছে বিএনপির দোসর। তাই বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার ও গণজাগরণে সমর্থন জানাচ্ছে না। কিন্তু গণদাবির বিরুদ্ধে গিয়ে বিএনপি গণরোষ থেকে বাঁচতে পারবে না।

মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, ওয়ার্কার্স পার্টির নেতা আবু হানিফ, জাসদের নেতা জসিম উদ্দিন বাবুল প্রমুখ।