২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের রাজনীতির অধিকার নেই: হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার বিরোধিতাকারীদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2013, 02:21 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

রাজধানীর মগবাজারে শনিবার বিকালে মগবাজার-মৌচাক (সমন্বিত) ফ্লাইওভার নির্মাণ কাজের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

শেখ হাসিনা বলেন, “যুদ্ধাপরাধীদের বিচারের কাজ আমরা শুরু করেছি। ইনশা-আল্লাহ এই বিচার হবে।”

“আর, বাংলাদেশের স্বাধীনতাই যারা বিশ্বাস করে না, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, যারা মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের খুঁজে খুঁজে হত্যা করে, যারা হত্যা আর খুনটাকেই বড় করে দেখে- তাদের আর রাজনীতি করার কোনো অধিকার নেই।”

এর আগে ব্লগার আহমেদ রাজীব হায়দারের বাসায় গিয়ে তিনি সাংবাদিকদের বলেছিলেন, জামাত-শিবিরের রাজনীতি হচ্ছে সন্ত্রাসের রাজনীতি। এ সন্ত্রাসীদের যা করার আমরা তা করব। স্বাধীন বাংলাদেশে এদের রাজনীতি করার কোনো অধিকার নেই।”

মিরপুরের পলাশ নগরে নিজের বাড়ির সামনে শুক্রবার রাতে খুন হন শাহবাগ আন্দোলনের কর্মী রাজীব। জামায়াত-শিবির তাকে হত্যা করেছে বলে তার সহযোদ্ধা ও স্বজনরা দাবি করছে।

মগবাজারে ওই ভিত্তি স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তরুণদের আন্দোলনের কথা তুলে ধরে বলেন, তরুণ প্রজন্মই বাংলাদেশকে সঠিক গন্তব্যে নিয়ে যেতে পারবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “ঘাতকরা আমাদের মারতে পারবে। আদর্শকে নিতে পারবে না।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই ফ্লাইওভারের কাজ বাস্তবায়ন করবে।

মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নির্মাণকাজ সম্পন্ন হলে রাজধানীর আটটি মোড়ে যানজট সমস্যার নিরসন হবে। সাতরাস্তা, এফডিসি, মগবাজার, মৌচাক, শান্তিনগর, মালিবাগ, রামপুরা চৌধুরীপাড়া ও রমনা থানা মোড়ের ওপর দিয়ে এই ফ্লাইওভার যাবে।

চার লেইন বিশিষ্ট এই ফ্লাইওভার আট দশমিক দুই পাঁচ কিলোমিটার দৈর্ঘের।

এটির নির্মাণ ব্যয়ের সাত’শ ৭২ কোটি ৭০ লাখ টাকার মধ্যে সরকার দেবে দু’শ কোটি ৪৭ লাখ, সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট তিন’শ ৭৫ কোটি ২৫ লাখ এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এক’শ ৯৬ কোটি ৯৮ লাখ টাকা দেবে।

শেখ হাসিনা বলেন, “২০০৯ সালে আমরা সরকার গঠনের পর কৌশলগত পরিবহন পরিকল্পনার আওতায় রাজধানীর যানজট নিরসনের জন্য অনেকগুলো প্রকল্প গ্রহণ করি।”

বক্তৃতায় যোগাযোগ খাতে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন উদ্যেগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “আমরা চার বৎসরে গ্রামীণ অবকাঠামো খাতে প্রায় ১৯ হাজার ২৫০ কিলোমিটার সড়ক, এক লাখ একত্রিশ হাজার মিটার ব্রিজ-কালভার্ট নির্মাণ করেছি।”

অনুষ্ঠানের আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংসদ সাবের হোসেন চৌধুরী ও আসাদুজ্জামান খান কামাল, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, স্থানীয় সরকার সচিব আবু আলম শহীদ খান এবং বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ আল বুশাইরি।

পুরনো খবর:

শাহবাগের পাশে দাঁড়ান : হাসিনা