২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের রাজনীতি নিষিদ্ধ এখন গণদাবি: কামরুল

জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা এখন গণদাবিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2013, 11:50 AM

Updated : 23 Aug 2022, 10:13 AM

শনিবার টাঙ্গাইলে এক অনুষ্ঠানে তিনি বলেন, একটি গোষ্ঠী ছাড়া সকল মানুষ এ দাবিতে সোচ্চার। সরকার সাধারণ মানুষের অনুভুতি থেকে আলাদা নয়। তাদের অনুভুতির সঙ্গে সরকার একাত্মতা ঘোষণা করেছে।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উপজেলা ও ইউনিয়ন কমিটির দায়িত্ব ও কার্যাবলী বিষয়ক এক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

কামরুল বলেন, যুদ্ধাপরাধীদের বিচার সময়ের ব্যাপার মাত্র। যথাযথ সময়ে যথাযথ সিদ্ধান্ত নেবে সরকার।

শাহবাগ চত্বরে মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধের বিকাশ ঘটিয়েছে তরুণ প্রজন্ম। এতে যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নবিদ্ধ হওয়ার কিছু নেই। এ বিচারের সবচেয়ে বড় পক্ষ হচ্ছে জাতি। আর আসামিপক্ষ একটা। তারা বিচারে সন্তুষ্ট না হয়ে অন্য একটা দাবি করতেই পারে, বলেন কামরুল।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা টাঙ্গাইল জেলা কমিটি আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা ও দায়রা জজ গোলাম মর্তুজা মজুমদার।

বিশেষ অতিথি ছিলেন আয়োজক সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম। মূলপ্রবন্ধ পাঠ করেন পিপি আকবর আলী খান।

বক্তব্য দেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল মজিদ, স্পেশাল বিচারক আকম জহুরুল ইসলাম, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন খান, জেলা বার সমিতি সভাপতি আব্দুল হালিম, সিনিয়র আইনজীবী আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি খান মোহাম্মদ খালেদ, জিপি আব্দুর রশিদ প্রমুখ।