২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রস্তাব এরশাদের

সংসদ সদস্যদের মধ্য থেকে সব দলের প্রতিনিধির সমন্বয়ে অন্তবর্তীকালীন সরকার গঠন করে তার অধীনে বাংলাদেশে  জাতীয় সংসদ নির্বাচন করা যেতে পারে বলে যুক্তরাষ্ট্র সরকারকে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2013, 07:34 AM

Updated : 23 Aug 2022, 10:12 AM

যুক্তরাষ্ট্র কংগ্রেসের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত উপকমিটির (দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য বিষয়ক) চেয়ারম্যান স্টিভ স্যাবটের সঙ্গে বুধবার সাক্ষাত করার সময় এ প্রস্তাবের কথা তুলে ধরেন যুক্তরাষ্ট্র সফররত এরশাদ।

তিনি বলেন, বর্তমান জাতীয় সংসদ সদস্যদের মধ্য থেকে সংশ্লিষ্ট দলের মনোনীত নির্দিষ্টসংখ্যক সদস্যের সমন্বয়ে ‘সর্বদলীয় অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার’ গঠিত হতে পারে এবং সেই সরকারের নেতৃত্বেই সব দলের অংশগ্রহণে নির্বাচন করা যেতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা ১১ জনের মধ্যে রাখার কথা বলেন তিনি।

দেশে ফিরে জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে এ নিয়ে আলোচনা করবেন বলে জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

যুক্তরাষ্ট্রের এই কংগ্রেস সদস্যকে এরশাদ বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে না আসার ঘোষণা দিয়েছে। কিন্তু ক্ষমতাসীন মহাজোট সরকারের পক্ষে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের সুযোগ নেই।

এ সংকট থেকে উত্তরণে বিকল্প হিসেবে সর্বদলীয় সরকার বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন এরশাদ।

ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে স্থানীয় সময় বুধবার বেলা ১২টা থেকে পৌনে এক ঘণ্টার এই বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন বাবলু উপস্থিত ছিলেন।

বৈঠকের পর এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিস্তারিত জানান বাবলু।

বৈঠকে শাহবাগের গণজাগরণ নিয়ে স্টিভ স্যাবট আগ্রহ প্রকাশ করলে এরশাদ বলেন, একাত্তরের যুদ্ধাপরাধীদের মধ্যে একজনের রায় প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় তরুণ প্রজন্ম এ আন্দোলন শুরু করেছে। তাদের এ আন্দোলন শান্তিপূর্ণ উপায়ে হচ্ছে এবং গণতান্ত্রিক চেতনায় উজ্জীবিত সবাই তাদের স্বাগত জানাচ্ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক উপকমিটির চেয়ারম্যান স্টিভ বলেন, আন্তর্জাতিক সন্ত্রাস নির্মূলের চলমান আন্দোলনে যুক্তরাষ্ট্রের অন্যতম অংশীদার হিসেবে কাজ করছে বাংলাদেশ। বাংলাদেশ ইতিমধ্যেই সন্ত্রাস নির্মূলে ব্যাপক সাফল্য অর্জন করেছে।

‘বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সুসংহত থাকুক তা আমাদের প্রত্যাশা।’

আগের দিন ১২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র কংগ্রেসের কাউন্টার টেররিজম অ্যান্ড ইন্টেলিজেন্স উপকমিটির চেয়ারম্যান পিটার কিংয়ের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এরশাদ।

গত ৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী (দক্ষিণ এশিয়া বিষয়ক) রবার্ট ও ব্লেকের সঙ্গে সাক্ষাত করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।