ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত সানোয়ার হোসেন (৪৫) সরকার সমর্থক সংগঠনটির তাহেরহুদা ইউনিয়ন শাখার সহসভাপতি ছিলেন।
বুধবার রাতে গ্রামে নিজের বাড়ির সামনে সানোয়ার হামলার শিকার হন বলে পুলিশ জানিয়েছে।
সানোয়ার তাহেরহুদা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।
হরিণাকুন্ডু থানার ওসি রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৯টার দিকে নিজের বাড়ির সামনে একটি বট গাছের নিচে দাঁড়িয়ে কয়েক জনের সঙ্গে কথা বলছিলেন সানোয়ার।
ওই সময় সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায় এবং কুপিয়ে মারাত্মক জখম করে।
চিৎকার শুনে গ্রামবাসী এগিয়ে এলে হামলাকারীরা কয়েকটি বোমা ফাটিয়ে চলে যায় বলে ওসি জানান।
সানোয়ারকে সঙ্গে সঙ্গে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুর রহমান জানান, রাত সাড়ে ১০টায় সানোয়ারকে হাসপাতালে আনা হয়। রাত সাড়ে ১১টায় তিনি মারা যান।
