২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যম দমন করতে চাচ্ছে সরকার: ফারুক

সরকার গণমাধ্যম ও বিরোধী দলকে দমন করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 07:49 AM

Updated : 23 Aug 2022, 10:12 AM

বুধবার সকালে এক প্রতিবাদ কর্মসূচিতে তিনি বলেন, “অতীতে আওয়ামী লীগ সরকার নিজেদের মতের কয়েকটি রেখে সব পত্রিকা বন্ধ করে দিয়েছিল। এখনো তারা সেই কাজটিই করছে। সরকার চ্যানেল ওয়ান বন্ধ করেছে। যমুনা টিভি আলোর মুখ দেখেনি। আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদককে দুই মাস যাবত অবরুদ্ধ করে রাখা হয়েছে। এখন নতুন করে আরও কয়েকটি মিডিয়া বন্ধের দাবি উঠেছে।”

“এভাবে গণমাধ্যম ও বিরোধী দলকে দমন করে সরকার ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া প্রলম্বিত করার ষড়যন্ত্র করছে।”

Image
অতীত স্মরণ করুন, প্রধানমন্ত্রীকে ফারুক

অতীত স্মরণ করুন, প্রধানমন্ত্রীকে ফারুক

জাতীয় প্রেস ক্লাবের সামনে নগর জাগপার উদ্যোগে এই অবস্থান কর্মসূচিতে আমার দেশ, নয়া দিগন্ত, দিনকাল, দিগন্ত টিভি, ইসলামিক টিভি প্রভৃতি গণমাধ্যমের ওপর ‘ফ্যাসিবাদি’ আক্রমণের প্রতিবাদ জানানো হয়।

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে গত শুক্রবারের মহাসমাবেশ থেকে জামায়াত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বর্জনেরও ঘোষণা আসে। গণমাধ্যমগুলোর মধ্যে দিগন্ত টিভি, নয়া দিগন্ত পত্রিকা, ইসলামি টিভি, আমার দেশ, সংগ্রাম বয়কট করার আহ্বান জানানো হয়।

শাহবাগ আন্দোলনে অংশগ্রহনকারীদের বসন্তের প্রথম দিনের শুভেচ্ছা জানিয়ে সংসদে বিরোধী দলীয় প্রধান হুইপ বলেন, “দেশের অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। ফুল ফুটুক না-ই ফুটুক আজ বসন্ত। শাহবাগের তরুণ প্রজন্মকে আমরা নব বসন্তের ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি।”

“পাশাপাশি তাদের প্রতি অনুরোধ কবব, এই আন্দোলনকে যেন দলীয়করণ করা না হয়। দেশের গণতন্ত্রকে বিসর্জন দেয়া হচ্ছে, সাবেক ছাত্র নেতা ইলিয়াস আলীসহ অনেক রাজনৈতিক নেতা-কর্মী গুম হয়ে গেছে, সীমান্তে ফেলানিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে- ইত্যাদি কথাগুলোও আপনারা মঞ্চ থেকে উচ্চকণ্ঠে বলুন।”

সরকারের দমনীতির কঠোর সমালোচনা করে তিনি বলেন, “সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে দমন করা বেশি গুরুত্ব দিচ্ছেন। দেশে আজ কোনো গণতন্ত্র নেই। সরকার দেশকে নৈরাজ্য ও বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে।”

“আমরা বলব, এই পরিস্থিতির অবসান করার এখনো সময় আছে। নির্দলীয় সরকারের বিল সংসদে নিয়ে আসলেই দেশে আর অশান্তি থাকবে না, বিশৃঙ্খলা বন্ধ হয়ে যাবে।”

যুদ্ধাপরাধীর বিচার সম্পর্কে জয়নুল আবদিন ফারুক বলেন, “প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধীর বিচারের রায় সম্পর্কে কথা বলেছেন। তাকে বলব, ট্রাইব্যুনাল ও প্রসিকিউটর টিম আপনার গঠিত। এরপরও ট্রাইব্যুনালের রায়ের স্বচ্ছতা নিয়ে আপনি কথা বলেছেন কেনো। তাহলে আমাদের মতো সাধারণ মানুষ যাবে কোথায়।”

বিএনপি যুদ্ধাপরাধীর বিচার চায় উল্লেখ করে ফারুক বলেন, “আমাদের প্রশ্ন ট্রাইব্যুনালের স্বচ্ছতা নিয়ে। আন্তর্জাতিক মানের একটি স্বচ্ছ ট্রাইব্যুনালের দাবি আমরা করেছিলাম। আজ জাতিসংঘের মানবাধিকার কমিশনও ওই ট্রাইব্যুনালের স্বচ্ছতা নিয়ে কথা বলেছে। কেবল তাই নয়, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও একই কথা বলেছেন।”

সংগঠনের নেতা আসাদুর রহমান আসাদের সভাপতিত্বে এই কর্মসূচিতে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি খন্দকার গোলাম মূর্তজা, বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।