গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি চান এম কে আনোয়ার
যুদ্ধাপরাধীর বিচারের পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি শাহবাগ থেকে উঠে না এলে তরুণদের এই আন্দোলন নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।
মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “শাহবাগের তরুণ প্রজন্মের সমাবেশের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা বার বার বলে আসছি, বিএনপি যুদ্ধাপরাধীর বিচার চায়। কিন্তু এর পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের এবং দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে দাবিগুলো ওই মঞ্চ থেকে উচ্চারিত হতে হবে।”
“তা না হলে এই আন্দোলন নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি করবে।”
শাহবাগের আন্দোলন যাতে কেউ দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে সেজন্য সজাগ থাকার আহবানও জানান এম কে আনোয়ার।
আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রসঙ্গে তিনি বলেন, “সরকার এই ট্রাইব্যুনাল গঠন করেছে। আইন প্রণয়ন করেছে। তারাই প্রসিকিউশন টিম গঠন করেছে। এখন প্রধানমন্ত্রী বলছেন, ট্রাইব্যুনালের বিচারের ঘোষিত রায় গ্রহণযোগ্য নয়।”
“জনগনের মতামতের ওপর ভিত্তি করে যদি বিচার কার্যক্রম চালানো হয়, দেশের বিশৃঙ্খলা সৃষ্টি হবে। দেশে আইনের শাসন বলে কিছু থাকবে না। এটা দেশের জন্য তা শুভ হবে না।”
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ডেমোক্রেটিক মুভমেন্টের উদ্যোগে ‘নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর স্বপ্ন ও বাস্তবতা’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
পদ্মাসেতু সেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংকের সরে যাওয়ার জন্য সরকারের দুর্নীতিকে দায়ী করে সাবেক মন্ত্রী এম কে আনোয়ার বলেন, “কয়েকজন দুর্নীতিবাজকে বাঁচাতে গিয়ে সরকার এই সেতু থেকে বিশ্বব্যাংককে সরে যেতে বাধ্য করেছে।”
“এখন সরকার নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের কথা বলে জনগনের সঙ্গে ভাওতাবাজী শুরু করেছে। নিজস্ব অর্থায়নে পদ্মা নদীতে বাঁশের সাঁকো হতে পারে, ব্রিজ নির্মাণ করা সম্ভব নয়।”
সংগঠনের উপদেষ্টা শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, নাগরিক সংসদের সভানেত্রী খালেদা ইয়াসমীন প্রমুখ উপস্থিত ছিলেন।
সকালে জাতীয় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থা (বাসস) উদ্যোগে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান শাহবাগের আন্দোলন প্রসঙ্গে বলেন, “তারুণ্যের উচ্ছ্বাস শাহবাগে ছড়িয়ে পড়েছে। তারা যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি করেছে। আমরা তা চাই।”
“মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জিয়াউর রহমানই প্রথম দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সেই চেতনাই জাতীতাবাদী দলের চেতনা। তাই তরুণদের বলব, তোমরা এগিয়ে যাও। তবে তোমাদের দাবির সঙ্গে সরকারের দুর্নীতি, অপশাসন ও গণতন্ত্র রক্ষার দাবিগুলো সংযুক্ত করে উচ্চ কন্ঠে উচ্চারিত করো।’’
আবু আল ইউসুফ খান টিপুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ইসলামী ঐক্যজোটের আমীর আবদুল লতিফ নেজামী, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবদুল মবিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, হৃদয় বাংলাদেশ এর মো. হানিফ প্রমুখ বক্তব্য রাখেন।
