২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগকে ব্যবহার করছে সরকার: বিএনপি

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলনকে সরকার ‘নিজের উদ্দেশ্যে’ ব্যবহার করতে চাইছে বলে দাবি করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 03:42 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

শাহবাগের আন্দোলন শুরুর ছয় দিন পর সোমবার এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এই দাবি করেছে প্রধান বিরোধী দল।

আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ছয় দিন ধরে শাহবাগে অবস্থানকারী তরুণরা বিএনপির রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবিও তুলেছে। 

শাহবাগের আন্দোলনকে বিএনপি ‘ইতিবাচক’ দৃষ্টিতে দেখছে জানিয়ে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, “তরুণদের এই দাবি মহল বিশেষ দলীয়করণের জন্য সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

“তাদের উচ্ছাসকে একদলীয় অখণ্ড কর্তৃত্বাধীন করার জন্য ক্ষমতাসীন গোষ্ঠি রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে বিভিন্ন ধরনের কুটিল ষড়যন্ত্র চলছে।”

শাহবাগের আন্দোলন থেকে সব যুদ্ধাপরাধীদের ফাঁসি, জামায়াত-শিবির নিষিদ্ধ, জামায়াতে ইসলামী মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো বর্জনের ডাক দেয়া হয়েছে।

তরুণদের দাবি সম্পর্কে বিএনপি বলেছে, “তরুণদের দাবির যৌক্তিকতা থাকতেই পারে। তাদের এই উচ্ছাস ও আবেগের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময়ই ইতিবাচক বক্তব্য দিয়ে এসেছে।”

বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকা শাহবাগের তারুণ্যের আন্দোলনকে ‘সম্মান’ জানালেও দলটির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা গত কয়েকদিনে এই আন্দোলনকে ‘নাটক’ বলে অভিহিত করেন।

শাহবাগের আন্দোলন থেকে আমার দেশ, নয়াদিগন্ত ও জামায়াতের মুখপাত্র সংগ্রাম পত্রিকায় আগুনের ঘটনা এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও অধ্যাপক পিয়াস করিমের বিরুদ্ধে বক্তব্যের নিন্দাও জানান রিজভী।

Image
‘গুলশান কার্যালয়ে তথ্য পাচারে সরঞ্জামের খবর কল্পকাহিনী’

‘গুলশান কার্যালয়ে তথ্য পাচারে সরঞ্জামের খবর কল্পকাহিনী’

“এসব ঘটনা থেকে ’৭৫-এর একদলীয় ফ্যাসিবাদের সুস্পষ্ট প্রতিধ্বনি পাওয়া যাচ্ছে,” বলেন তিনি।

শাহবাগের এই আন্দোলনের উদ্যোক্তারা বলছেন, এটি কোনো দলীয় আন্দোলন নয়।

এই আন্দোলনে আওয়ামী লীগসহ মহাজোট, বামপন্থী দলগুলোসহ অসংখ্য দল ও সংগঠন সংহতি জানালেও দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির কোনো নেতাকে সেখানে দেখা যায়নি।

শাহবাগের আন্দোলনকারীদের ‘সজাগ’ থাকার পরামর্শ দিয়ে বিএনপির বিবৃতিতে বলা হয়, “এরই মধ্যে নব্য বাকশালী আক্রমণ শুরু হয়ে গেছে শাহবাগ চত্বরে।

“আওয়ামী লীগ নেতাকে মঞ্চে উঠতে বাধা দেয়ায় লাকি আক্তারের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের সাধারণ স¤পাদকের নেতৃত্বে একদল সন্ত্রাসী। মঞ্চের ওপরেই তার মাথায় এবং পিঠে প্রচ- আঘাত করেছে ছাত্রলীগের কর্মীরা।”

ছাত্রলীগের দিকে ইঙ্গিত করে রিজভী বলেন, “যারা নিরীহ শ্রমিক বিশ্বজিতের হত্যাকারী, যারা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এসিড নিক্ষেপ করে শিক্ষকদের মুখ বিকৃত করে দিয়েছে, যারা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কুপিয়ে আহত করেছে, যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরির উৎসব করেছে,

“তাদেরকে সঙ্গে নিয়ে কোনো আন্দোলনেই নৈতিকতা যোগ হতে পারে না। এদের এবং তাদের মদদ দাতাদেরকে সঙ্গে রাখা হচ্ছে বলেই শাহবাগ চত্বরে লাকিরা লাঞ্ছিত এবং শারীরিকভাবে নির্যাতিত হচ্ছেন।”

নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলনের কথা তুলে ধরে সেই দাবিও শাহবাগের আন্দোলনকারীদের কাছে প্রত্যাশা করেছে বিএনপি।

সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি হত্যা, পদ্মা সেতু, হল-মার্ক ও ডেসটিনি কেলেঙ্কারিতে জড়িতদের বিচারের দাবিও ওই তরুণদের কণ্ঠে শুনতে চেয়েছে প্রধান বিরোধী দল। গুম ও গুপ্তহত্যার বিরুদ্ধেও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

সেই সঙ্গে বিবৃতিতে বলা হয়, “ক্ষমতাসীন দল ও তাদের মন্ত্রিসভায় যে সব স্বাধীনতাবিরোধী রয়েছেন, তাদের বিচারের দাবিও একই সঙ্গে উচ্চারিত হলে সারাদেশের মানুষের কাছে শাহবাগের আন্দোলনকারীদের দাবি আরো যথার্থ হয়ে উঠত।”

পুরনো খবর:

‘শাহবাগে সরকারের সাজানো নাটক’
শাহবাগের তরুণদের সম্মান: খোকা