ঢাবিতে ছাত্রদলের কর্মসূচি স্থগিত
যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগের মহাসমাবেশে আন্দোলন চাইলে যাওয়ার ঘোষণা আসায় ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ঘোষিত কর্মসূচি স্থগিত করেছে।
শুক্রবার রাতে সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহবাগে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-জনতার কর্মসূচি যাতে ব্যহত না হয়, তা বিবেচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পূর্ব ঘোষিত কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে।
ছাত্রদলের কর্মসূচির মধ্যে ছিল, শনিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি পেশ এবং ১১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল।
গত ৭ ফেব্রুয়ারি ছাত্রদলের এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব এই কর্মসূচি ঘোষণা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সব সংগঠনের অংশগ্রহনের ডাকসু নির্বাচনসহ ৮ দফা দাবির সমর্থনে এই কর্মসূচি দেয়া হয়েছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচির তারিখ পরে ঘোষণা করা হবে।
