২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের সমাবেশে তোপের মুখে মহিউদ্দিন চৌধুরী

জনতার আপত্তির মুখে বক্তৃতা না দিয়েই ফিরতে হয়েছে নগর আওয়ামী লীগের সভাপতিকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2013, 10:55 AM

Updated : 25 Apr 2022, 06:21 PM

যুদ্ধপরাধীদের ফাঁসির দাবিতে চট্টগ্রামে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে দাঁড়িয়ে আন্দোলনকারীদের তোপের মুখে পড়েছেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

নগরীর জামালখানের প্রেসক্লাব চত্বরে শুক্রবার বিকাল ৪টার কিছু আগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে সংহতি জানাতে কর্মসূচিস্থলে আসেন সাবেক মেয়র মহিউদ্দিন।

তিনি কর্মসূচিতে বসার পর একপর্যায়ে মাইকে তার নাম ঘোষণা করে বলা হয়, মহিউদ্দিন চৌধুরীও সংহতি জানাতে এসেছেন। এ সময় উপস্থিত সহস্রাধিক আন্দোলনকারী তাকে তালি দিয়ে স্বাগত জানান।

কিন্তু মাইকে তাকে বক্তব্য দিতে ডাকার পর সমবেতরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা সমস্বরে দাবি তোলেন- এই কর্মসূচিতে কোনো রাজনৈতিক নেতার বক্তব্য দেয়া চলবে না।

সেই সঙ্গে ‘ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, যুদ্ধাপরাধীর ফাঁসি চাই’ শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা।

বিক্ষোভের মুখে সাবেক সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরীও মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে ফাঁসির দাবিতে একই স্লোগান দেন। এরপর অনুসারীদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

একই দাবিতে বৃহস্পতিবার অবস্থান কর্মসূচির দ্বিতীয়দিনে মহিউদ্দিন চৌধুরী সংহতি জানিয়ে বক্তব্যও দিয়েছিলেন। সে সময় আন্দোলনকারীরা তাকে সাদরেই গ্রহণ করেন।

তবে ঢাকার শাহবাগের মতো চট্টগ্রামেরও জনতার এই কর্মসূচিতে রাজনৈতিক নেতাদের বক্তব্য দেয়ার সুযোগ না দেয়ার সিদ্ধান্ত নেন আয়োজকরা।

জামায়াত নেতা কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে মঙ্গলবার বিকালে শাহবাগ মোড়ে বিক্ষোভের সূচনা করে ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম। এরপর তা পরিণত হয় জনতার সমাবেশে।

চট্টগ্রামেও বুধবার থেকে জামালখান প্রেসক্লাব চত্বরে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন কর্মসূচি শুরু হয়।