২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীতি-নির্ধারকদের সঙ্গে আলোচনা খালেদার

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নিজেদের আন্দোলন এবং যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সারাদেশে বিক্ষোভের মধ্যে দলের নীতি-নির্ধারকদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2013, 05:33 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, সে বিষয়ে বিএনপি নেতারা মুখ খোলেননি।

অন্য সময় বৈঠকের পর বিএনপি নেতারা বলতেন যে পরে সংবাদ সম্মেলন করে সিদ্ধান্ত জানানো হবে। কিন্তু বৃহস্পতিবার তাও বলেননি তারা।

বৈঠকের আগে বিরোধীদলীয় নেতার প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, স্থায়ী কমিটির এই বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

বিএনপি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।

এর মধ্যেই তাদের জোটসঙ্গী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন সাজার আদেশ দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।

এই সাজার আদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামী হরতালও ডেকেছে। তবে এই রায়ের বিষয়ে এখনো নিশ্চুপ বিএনপি।

বেশ কিছুদিন ধরে বাধা দেয়া হলেও রায়ের দুদিন আগে মতিঝিলে পুলিশের অনুমতি পেয়ে সমাবেশ করে জামায়াত।

কয়েকটি সংবাদপত্রের খবর- ওই ঘটনা জামায়াতের সঙ্গে সরকারের সম্পর্কের ইঙ্গিত বহন করে বলে বিএনপির অনেক নেতা সন্দেহ করছেন।

বিএনপি নেতারা এই বিষয়ে প্রকাশ্যে কিছু না বললেও দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম সম্প্রতি বলেন, সরকার ১৮ দলীয় জোটে ভাঙনের চেষ্টা চালাচ্ছে।

এর মধ্যেই দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডাকেন খালেদা। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সদ্য কারামুক্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন। 

স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, মুহাম্মদ জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, সারোয়ারি রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান বৈঠকে অংশ নেন।