কোনো প্রশ্নেরই উত্তর দিলেন না ‘ক্লান্ত’ এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ওয়াশিংটনে পৌঁছে কৌশলে এড়িয়ে গেছেন সাংবাদিকদের প্রশ্ন। তার কাছ থেকে কোনো প্রশ্নেরই উত্তর মেলেনি।
দুই সপ্তাহের সফরে বৃহস্পতিবার সকাল ৬টা ২০ মিনিটে (বাংলাদেশ সময়) ওয়াশিংটন ডিসির ডালাস বিমানবন্দরে পৌঁছান এরশাদ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের সেখানে তাকে অভ্যর্থনা জানান।
বিমানবন্দরেই মহাজোট সরকারের প্রধান শরিক জাতীয় পার্টির চেয়ারম্যানের মুখোমুখি হন সাংবাদিকরা।
যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা কাদের মোল্লার যাবজ্জীবনের রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি প্রশ্নটি এড়িয়ে যান।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না- এমন প্রশ্নের জবাবও তিনি দেননি ।
ডালাস বিমানবন্দরে এরশাদ
দূতাবাসের গাড়িতে করেই কোর্টইয়ার্ড ম্যারিয়ট হোটেলে যান এরশাদ। তার সফরসঙ্গীদের মধ্যে সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন বাবলু ও একান্ত সচিব মেজর খালেদ আকতারও রয়েছেন।
তার এ সফরের সার্বিক সমন্বয়ের দায়িত্বে রয়েছেন জাতীয় পার্টির সাবেক নেতা গোলাম মেরাজ।
ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের ৬১তম ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দেবেন এরশাদ। ওয়াশিংটন ডিসির হিলটন ওয়াশিংটন ইন্টারন্যাশনাল বলরুমে প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তব্যের মধ্য দিয়ে ওই অনুষ্ঠান শুরু হবে।
আগামী ৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেকের সঙ্গে বৈঠক করবেন এরশাদ। এছাড়া কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি, কংগ্রেসে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান পিটার কিংসহ কয়েকজন কংগ্রেস সদস্যের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
১০ ফেব্রুয়ারি দলীয় প্রধানকে নিউইয়র্কে নাগরিক সংবর্ধনা দেবে জাতীয় পার্টির যুক্তরাষ্ট্র শাখা।
