২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে ইউপিডিএফকর্মী ‘খুন’

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় এক ইউপিডিএফকর্মী খুন হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙমাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2013, 11:15 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

নিহতের নাম তারা বলেছে ভূবন জয় চাকমা (৩০), যিনি উপজেলার সাবেক্ষং ইউনিয়নের করল্যাছড়ি গ্রামের আনন্দ বিলাস চাকমার ছেলে।

অভিযোগ পাওয়ার কথা স্বীকার করলেও লাশ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

‘খুনের’ জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) বলেছে, ‘হত্যাকারীরা’ লাশ সরিয়ে ফেলেছে। 

তবে জেএসএসের সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা এই অভিযোগ অস্বীকার করেন।

ইউপিডিএফ মুখপাত্র মাইকেল চাকমা সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নানিয়রচর উপজেলার রামহরি পাড়া এলাকায় হত্যা করা হয় ভূবন জয়কে।

“সাংগঠনিক কাজে ভূবন জয় এক সহকর্মীকে নিয়ে একটি চায়ের দোকানে ছিলেন। এ সময় ৫-৬ যুবক এসে ব্রাশফায়ার করলে ঘটনাস্থলেই ভূবন জয় নিহত হন।”

হামলাকারীরা লাশ সরিয়ে ফেলে বলে দাবি করেন মাইকেল। তিনি বলেন, ভূবনের সঙ্গী পালিয়ে এসে খবরটি দিয়েছেন।

এই বিষয়ে নানিয়ারচর থানার ওসি মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে এখনো লাশ উদ্ধার করতে পারেনি।

নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুবুল আলমও এই ঘটনা শোনার কথা স্বীকার করেছেন।