২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার বিক্ষোভ সমাবেশ করবে ১৮ দল

নির্দলীয় সরকারের পূনর্বহাল এবং বিরোধী নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা-গ্রেপ্তার ও তাদের ওপর হামলার প্রতিবাদে আগামী শনিবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে ১৮ দলীয় জোট।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2013, 10:15 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

বৃহস্পতিবার দুপুরে জোটের মহাসচিবদের জরুরি বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তিনি জানান, রাজধানীর নয়া পল্টনের কার্যালয়ের সামনে দুপুর ২টায় এই সমাবেশ হবে।

জোটের পূর্ব ঘোষিত ফেব্রুয়ারি মাসের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে মহাসচিব পর্যায়ের এই বৈঠক হয়।

বৈঠকে জামায়াতে ইসলামীর শফিকুল ইসলাম মাসুদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির রেদোয়ান আহমেদ, ইসলামী ঐক্যজোটের মুফতি ফয়েজুল্লাহ, জাগপার খন্দকার লুৎফর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির আলমগীর মজুমদার, ন্যাপ এর গোলাম মোস্তফা ভুঁইয়া, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি, কল্যাণ পার্টির আবদুল মালেক চৌধুরী, ন্যাপ ভাসানীর আবু হামিদুর রেজা খান ভাসানী, মুসলিম লীগের আতিকুল ইসলাম, ইসলামিক পার্টির এম এ রশিদ প্রধান, বাংলাদেশ জাতীয় পাটির খন্দকার সিরাজুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মুহিউদ্দিন ইকরাম, লেবার পার্টির আহসান উল্লাহ শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া বিএনপির মহানগর সদস্য সচিব আবদুস সালাম ও সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম উপস্থিত ছিলেন।

এর আগে বেলা সাড়ে ১২টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এসে পৌঁছালে দলের কয়েক হাজার নেতা-কর্মী তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায়। মহানগর, শ্রমিক দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জাসাস, ছাত্র দল, উলামা দলসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেতারা মির্জা ফখরুলকে ফুল দিয়ে শুভেচ্ছো জানান।

গত ১০ ডিসেম্বর মির্জা ফখরুল নয়া পল্টনের কার্যালয়ের সামনে থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সিটি করপোরেশনের ময়লা-আবর্জনা বহন করা গাড়ি পোড়ানোসহ ৬টি মামলা দেয়া হয়। মঙ্গলবার উচ্চ আদালতের অন্তর্বতীকালীন জামিন নিয়ে মির্জা ফখরুল কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।