ফাঁসির দাবিতে বিভিন্ন দলের কর্মসূচি
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় দাবিতে শাহবাগে বিক্ষোভের পাশাপাশি রাজনৈতিক দল ও সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করছে।
বুধবার দুপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে।
এই সমাবেশ থেকে বৃহস্পতিবার বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত মিছিলের কর্মসূচি দেয়া হয়।
বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ জাফর আহমেদ সমাবেশে বক্তব্য রাখেন।
বাংলাদেশ কৃষক লীগ সকালে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় মিছিল।
মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শামসুল হক রেজা, সহ সভাপতি খান আলতাফ হোসেন ভুলু প্রমুখ।
জাতীয় গণতান্ত্রিক লীগ, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সংগঠন কাদের মোল্লার রায়ে অসন্তোষ প্রকাশ করেছে।
একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি এক বিবৃতিতে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত কমিটিকে শক্তিশালী করার দাবি জানিয়েছে।
এক বিজ্ঞপ্তিতে তারা বলেছে, আরো দক্ষ এবং যোগ্য লোককে ট্রাইব্যুনালে ও প্রসিকিউশনে সম্পৃক্ত করতে হবে।
