কড়া নিরাপত্তায় ঢিলেঢালা হরতাল
জামায়াতে ইসলামীর ডাকা দ্বিতীয় দিনের হরতালে দেশের কয়েকটি স্থানে বিক্ষিপ্ত ভাংচুর ও সংঘর্ষের ঘটনা ঘটলেও রাজধানীর পরিস্থিতি ছিল অনেকটাই নিরুত্তাপ।
আগের দিন হরতালে চট্টগ্রামে সংঘাতে চার জনের প্রাণহানি এবং দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাংচুর ও বিক্ষিপ্ত বোমাবাজির পর ঢাকা ও চট্টগ্রামে বিজিবি মোতায়েন করা হয়। বিশৃঙ্খলা এড়াতে রাজধানীর প্রতিটি সড়কে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য অবস্থান নেন।
তবে এর মধ্যেও সকালের অংশে বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে গাড়ি ভঅংচুর ও অবরোধের চেষ্টা করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির কর্মীরা।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার মুখপাত্র মাসুদুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১৪ জন শিবির কর্মীকে আটক করেছেন তারা।
বুধবার রাজধানীতে আগের দিনের তুলনায় বেশি যানবাহন চলতে দেখা যায়। বিভিন্ন সড়কে প্রচুর রিকশা ও অটোরিকশা চলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যানবাহনের সংখ্যাও বাড়তে দেখা যায়।
হরতালে রাজধানীর কারওয়ান বাজার এলাকা
দুপুরে রাজধানীর প্রধান সড়কগুলোতে হরতাল সমর্থকদের খুব একটা তৎপার দেখা না গেলেও হরতালবিরোধী মিছিল হয়েছে বিভিন্ন স্থানে। সকাল ১০টার দিকে মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় মহিলা আওয়ামী লীগ এবং মগবাজার চৌরাস্তা এলাকায় আওয়ামী লীগ হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করে।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালবিরোধী সমাবেশ করে কয়েক হাজার নেতাকর্মী। তাদের গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন ও এর আশপাশের এলাকায়ও হরতালবিরোধী মিছিল করতে দেখা যায়।
সকালে গাবতলী, মহাখালী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও সায়েদাবাদ থেকে বিভিন্ন গন্তেব্যে কয়েকটি বাস ছেড়ে গেছে বলে পরিবহন শ্রমিকরা জানান। ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মিরপুরের শ্যাওড়াপাড়া এলাকায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির কর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দুই জনকে আটক করা হয় বলে কাফরুল থানার ওসি আবদুল লতিফ জানান।
কাছাকাছি সময়ে মিরপুর-১ ও বাঙলা কলেজ এলাকাতেও পুলিশের সঙ্গে শিবিরি কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বাঙলা কলেজ এলাকায় হরতালকারীরা কয়েকটি গাড়ি ভাংচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। মিরপুর-১ এলাকায় পুলিশের একটি গাড়িতেও হামলার চেষ্টা হয়।
হরতালে ধানমন্ডিতে হরতালকারীদের গাড়ি ভাংচুর
পৌনে ৭টার দিকে নারায়ণগঞ্জের চাষাড়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় শিবির কর্মীরা। এ সময় বেশ কয়েকজন আহত হন। পুলিশ চারজনকে আটক করার কথা জানিয়েছে।
সকালে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) ইমামুর রশীদের গাড়িতে হামলা চালায় হরতালকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এই ঘটনায় এক কনস্টেবল পায়ে আঘাত পান।
হরতালের শুরুতে সিলেটে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। ভোরে নগরীর দরগাগেইট, মেডিকেল সড়ক, তালতলা, মদিনামার্কেট, কুমারপাড়ায় ঝটিকা মিছিল করে হরাতালকারীরা। এ সময় ব্যাপক গাড়ি ভাংচুর করা হয় এবং টায়ারে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে বিভিন্ন স্থানে ২০-২৫টি হাতবোমা ফাটানো হয়। পরে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে হরতালকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
এদিনের হরতালে চট্টগ্রামে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। ঢাকার পাশাপাশি বন্দরনগরীতেও বিজিবিকে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আনা হয়েছে।
আগের দিন পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরকর্মীদের সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় ৫টি মামলা হয়েছে। ওই ঘটনায় নিহত এক শিবিরকর্মীর জানাজা দুপুরে নগরীর চকবাজারের প্যারেড গ্রাউন্ডে হওয়ার কথা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে সেজন্য ওই মাঠের আশপাশে বিপুল সংখ্যক র্যাব, পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
গাজীপুরে হরতালকারীরা একটি দোতলা বাস পুড়িয়ে দেয়
হরতালের দিনে শাহবাগ মোড়ের এই প্রতিবাদই সারা দিন অনেক বেশি আলোচনার খোরাক যোগায়।
এর আগে মঙ্গলবার হরতালের সময় ব্যাপক সহিংসতা ঘটে চট্টগ্রাম ও সিলেটে। চট্টগ্রামে দিনভর গাড়ি ভাংচুর এবং দফায় দফায় সংঘর্ষে নিহত হন চারজন।
আর বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাংচুর, ধাওয়া পাল্টা ধাওয়া এবং হাতবোমা বিস্ফোরণে রণক্ষেত্রে পরিণত হয সিলেট নগরীর বিভিন্ন এলাকা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার একাত্তরের যুদ্ধাপরাধের মামলার রায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার পর বুধবারও হরতাল ডাকে দলটি।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, ট্রাইব্যুনাল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে যে রায় ঘোষণা করেছে তা ‘সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সরকার নির্দেশিত’।
“এ রায় প্রত্যাখ্যান করার পাশাপাশি সরকারের ষড়যন্ত্র, চক্রান্ত ও বিচারের নামে অবিচারের প্রতিবাদে আমাদের ঘোষিত গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বুধবারও সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালিত হবে।”
সিলেটের শিবগঞ্জে হরতালকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়
একাত্তরে খুন, ধর্ষণ লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম রায়ে গত ২১ জানুয়ারি জামায়াতের সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একই ধরনের অভিযোগে জামায়াতের সাবেক আমীর গোলাম আযম, বর্তমান আমীর মতিউর রহমান নিজামীসহ শীর্ষ সাত নেতা ও বিএনপির দুই জনের বিচার চলছে ট্রাইব্যুনালে।
একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী শুরু থেকেই এই বিচারের বিরোধিতা করে এলেও গত কিছুদিন ধরে দলটির নেতাকর্মীরা সারা দেশে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরসহ বিভিন্নভাবে সহিংসতায় জড়াচ্ছে।
এ কারণে সরকারের শরিক দলগুলোসহ বিভিন্ন মহল থেকে জামায়াতে ইসলামীর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের জোরালো দাবি এসেছে। এ দাবিতে হরতালও করেছে সিপিবি, বাসদসহ কয়েকটি বাম দল।
আর ট্রাইব্যুনাল বাতিল ও শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে এর আগে দুই দফা হরতাল করে জামায়াতে ইসলামী। সর্বশেষ ৩১ জানুয়ারির হরতালে তাদের প্রধান শরিক বিএনপিও সমর্থন দেয়।
