সচিবালয়ের পাশে বোমা বিস্ফোরণ
জামায়াতে ইসলামীর হরতালের মধ্যে বুধবার দুপুরে সচিবালয়ের উত্তর পাশে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে।
দুপুর আড়াইটার দিকে তোপখানা রোডের হোটেল বাগদাদের সামনে এই বিস্ফোরণ ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা ঘটিয়েছে বলে পুলিশের ধারণা।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে যাবজ্জীবন সাজা দেয়ার পর দলটি বুধবার সারাদেশে হরতাল ডাকে।
হাতবোমা বিস্ফোরণ নয়া পল্টনে
শাহবাগ থানার পরিদর্শক (পেট্রোল) মো. শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতাল সমর্থকরা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা করছি।”
বিস্ফোরণে কেউ আহত হয়নি। যারা ঘটিয়েছে, তাদের কাউকেও সনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
হরতালে জামায়াত-শিবিরকর্মীরা রাজধানীর কয়েকটি স্থানে গাড়ি ভাংচুর করেছে। পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষও হয়েছে।
