রায়ে ক্ষোভ-অসন্তোষ
যুদ্ধাপরাধের বিচারের রায়ে আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজায় অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।
মঙ্গলবার দেয়া রায়ের প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতিতে এই দল ও সংগঠনগুলোর নেতারা জামায়াতের এই নেতার ফাঁসির দাবি করেছেন।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সাজা দেয়া হয়।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের এই রায় প্রত্যাখ্যান করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। মুক্তিযোদ্ধারাও এতে অসন্তোষ জানিয়েছেন।
কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি না হওয়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বুধবার সারাদেশে বিক্ষোভ দিবস পালনের ঘোষণা দিয়েছে।
সিপিবি ও বাসদের যৌথবিবৃতিতে বলা হয়, “কুখ্যাত যুদ্ধাপরাধী কাদের মোল্লার বিরুদ্ধে আনীত ৬টি অভিযোগের ৫টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার পরও সর্বোচ্চ শাস্তি প্রদান না করে যাবজ্জীবন সাজা প্রদানে দেশবাসীর সঙ্গে আমরাও মর্মাহত, অসন্তুষ্ট ও ক্ষুব্ধ।”
ক্ষমতাসীন মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদও এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছে।
সেক্টর কমান্ডারস্ ফোরাম এক বিবৃতিতে বলেছে, “আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের প্রদত্ত রায়ে ফোরাম চরম হতাশা ও অসন্তষ্টি প্রকাশ করেছে।”
এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার আহবান জানিয়েছেন ফোরামের নেতারা।
এছাড়া জাতীয় গণতান্ত্রিক লীগ, বাংলাদেশ নারী মুক্তি আন্দোলন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী জোট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্রমৈত্রী, ছাত্র ফেডারেশন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী এই রায়ে অসন্তোষ জানিয়েছে।
দুপুরে দেয়া রায়ের প্রতিক্রিয়ায় অসন্তোষ জানিয়ে বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ‘সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ’ নামের একটি সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
প্রায় আড়াইশ তরুণের এই কর্মসূচিতে কয়েকটি নাগরিক ও সাংস্কৃতিক সংগঠন সংহতি প্রকাশ করে।
মঙ্গলবার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে এই রায়ের পর বিকালে সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ক্ষমতাসীন মহাজোটের সংসদ সদস্যরাও।
