২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সংসদ সদস্যদের

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ক্ষমতাসীন মহাজোটের সংসদ সদস্যরা।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 02:00 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

মঙ্গলবার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে এই রায়ের পর বিকালে সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় তা নিয়ে সমালোচনামুখর হন সংসদ সদস্যরা।

তবে আদালতের রায় উল্লেখ করে আলোচনা বেশি দূর এগোতে দেননি সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, যার একটি মন্তব্য নিয়ে ট্রাইব্যুনালে নালিশ গিয়েছিল।

Image
আব্দুল কাদের মোল্লা

আব্দুল কাদের মোল্লা

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হওয়ায় তার এ সাজা হয়।

সংসদে সন্ধ্যায় মাগরিবের নামাজের বিরতির পর এই রায় নিয়ে অনির্ধারিত আলোচনা শুরু করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

তিনি বলেন, “দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়েছি। আমাদের জন্য আজকের দিনটি বেদনার দিন।

“গণহত্যা, এমনকি ধর্ষণের ঘটনা প্রমাণিত, কবি মেহেরুন্নেসা হত্যা প্রমাণিত। এত কিছু প্রমাণ করার পর রায় হল যাবজ্জীবন কারাদণ্ড!”

“মানুষের জীবন নিয়ে যারা খেলেছে, তাদের যাবজ্জীবন দেয়া হলে গোলাম আযম আর নিজামীর মতো যারা নির্দেশ দিয়েছে, তাদের কী রায় হবে, তা নিয়ে সকলে শঙ্কিত।”

ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে  যেভাবেই হোক আপিল করতে হবে, বলেন মেনন।

জামায়াতকে সোমবার সকালে মতিঝিলে সমাবেশ করতে দেয়ার সমালোচনা করে তিনি বলেন, “আমি অবাক হয়েছি,  যখন দেখেছি- পুলিশ প্রহরায় ওই মিটিং হচ্ছে।

“আর, ওই মিটিং থেকে বলেছিল, কাদের মোল্লাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেয়া হলে দেশে গৃহযুদ্ধ হবে।”

“একটা কথা বলা প্রয়োজন,  সাপের মুখে চুমু দিতে নেই। সাপ ছোবল মারবেই। আমরা মনে হয়, সাপ নিয়ে খেলছি,” সরকারকে সতর্ক করেন মহাজোটের এই নেতা।

Image
সংসদ অধিবেশনে রায়ের প্রতিক্রিয়া জানায় মহাজোট সংসদ সদস্যরা।

সংসদ অধিবেশনে রায়ের প্রতিক্রিয়া জানায় মহাজোট সংসদ সদস্যরা।

জাসদ নেতা মইনুদ্দিন খান বাদল বলেন, “আদালত গণমানুষের অভিপ্রায়ের বাইরে গিয়ে রায় দিয়েছে। সমস্ত দেশের মানুষ ক্ষুব্ধ হয়েছে। অপমানিত বোধ করছে।”

“কিছু বিষয় নিয়ে সমঝোতা হয় না। আমি আমার মা-বোনের অস্তিত্ব নিয়ে সমঝোতা করি না। আমি আমার অস্তিত্ব নিয়ে সমঝোতা করি না। এখানে সমঝোতার বাইরে একটি বিষয় নিয়ে সমঝোতা করা হচ্ছে,” বিস্তারিত ব্যাখ্যা না করে বলেন তিনি।

আওয়ামী লীগ সংসদ সদস্য আব্দুল মান্নান বলেন, “এত অভিযোগের পর যদি মৃত্যুদণ্ড না হয়, তাহলে অন্য যারা আছে তাদের কী হবে, তা এখন প্রশ্ন।”

আরো কয়েকজন সংসদ সদস্য আলোচনা করতে চাইলেও এই পর্যায়ে দাঁড়ান সংসদ উপনেতা সাজেদা চৌধুরী।

তিনি স্পিকারের উদ্দেশে বলেন, “আমরা আপনাকে অনুরোধ করব, এটা নিয়ে যেন অনির্ধারিত আলোচনা না হয়। এটা আদালতের বিষয়। অত্যন্ত ‘ইয়ে’ বিষয়। এভাবে আলোচনা করতে দেয়া ঠিক হবে না।”

“এটা নিয়ে বসে আলোচনা করে, সিদ্ধান্ত নিয়ে তারিখ নির্ধারণ করতে পারি,” বলেন তিনি।

তবে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায়ও বিষয়টি তোলেন কয়েকজন সংসদ সদস্য।

আওয়ামী লীগ সংসদ সদস্য আবু জাহিদ বলেন, “কাদের মোল্লার রায় নিয়ে সারাদেশের মানুষ অসন্তুষ্ট ও ক্ষিপ্ত।”

জামায়াত-শিবিরকে মোকাবেলায় প্রধানমন্ত্রীকে ‘শক্ত’ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সংসদ নেতাকে অনুরোধ- একটু শক্ত হন। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগই যথেষ্ট তাদের (জামায়াত-শিবির) মোকাবেলা করতে।”