২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তি পেলেন ফখরুল

অবরোধে ভাংচুরের ছয় মামলায় ৫৪ দিন কারাগারে কাটানোর পর কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সুমন মাহমুদ সুমন মাহমুদ

ও আবুল হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 11:20 AM

Updated : 25 Apr 2022, 06:20 PM

মঙ্গলবার বিকাল ৪টা ৫০ মিনিটে কাশিমপুর কারাগার-২ থেকে তিনি মুক্তি পাওয়ার পর স্ত্রী রাহাত আরা বেগম ফুল দিয়ে ফখরুলকে স্বাগত জানান।

এই কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামিন আদেশের কাগজ পাওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে মুক্তি দেয়া হয়েছে।”

কারাগারের প্রধান ফটকের বাইরে উপস্থিত সাংবাদিকদের ফখরুল বলেন, সরকার ‘একের পর এক মিথ্যা মামলা’ দিয়ে বিরোধী দলের হাজার হাজার নেতা-কমীকে কারাগারে বন্দি করে রেখেছে। তাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে।

“জনগণের ভোটের অধিকার রক্ষার এই সংগ্রামকে এসব করে দাবিয়ে রাখা যাবে না। এই সংগ্রাম রাজনৈতিক মুক্তির সংগ্রাম। যে সংগ্রাম চলছে, তা চলবেই।’’

গত ৯ ডিসেম্বর ১৮ দলের রাজপথ অবরোধের সময় গাড়ি ভাংচুরের ঘটনায় ঢাকায় যে ৩৮টি মামলা হয়, তার প্রায় সবকটিতেই আসামি করা হয়েছে ফখরুলকে।

এর মধ্যে পল্টন ও শেরেবাংলা নগর থানার দুটি মামলায় ১০ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তার করা হয়। এরপর আরো চারটি মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

এর মধ্যে দুটি মামলায় নিম্ন আদালত থেকে এবং চারটি মামলায় হাই কোর্ট থেকে জামিন পান তিনি।

সর্বশেষ সোমবার কলাবাগান থানার একটি মামলায় হাইকোর্ট থেকে ৬ মাসের অন্তর্বতীকালীন জামিন পান ফখরুল। মঙ্গলবার দুপুরে মহানগর হাকিম সাইফুর রহমানের আদালতে ওই জামিননামা দাখিলের পর নথি পাঠানো হয় কাশিমপুর কারাগারে।

ফখরুল কারাগারের প্রধান ফটক দিয়ে বেরিয়ে এলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান, সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি ফজলুল হক মিলন, জেলা সাধারণ সম্পাদক কাজী সাইদুর আলম বাবুলসহ নেতাকর্মীরা ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানান।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভুঁইয়া, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ স্থানীয় নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।

ফখরুল মুক্তি পোচ্ছেন এমন খবরে দুপুর থেকেই কারাগার থেকে গাজীপুর কোনাবাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে হাজার হাজার নেতা-কর্মীরা সমবেত হয়। বিকালে মুক্তি পাওয়ার পর ফখরুল ঢাকার উদ্দেশ্যে রওনা হলে পথে  পথে নেতা-কর্মীরা তাকে শুভেচ্ছা জানায়।

এর আগেও গতবছর হরতালে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর মামলায় গ্রেপ্তারের পর কাশিমপুর কারাগারে মাস খানেক ছিলেন ফখরুল। পরে তিনি জামিনে ছাড়া পান।