চট্টগ্রামে হরতালে শিবিরের তাণ্ডব, নিহত ১
হরতালে চট্টগ্রাম মহানগরীর তিনটি স্থানে জামায়াত-শিবিরকর্মীদের হামলায় কমপক্ষে ২৫ পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছে।
এ সময় অলংকার পুলিশ বক্সে হামলার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে ইমরান খান নামের এক শিক্ষার্থী।
মঙ্গলবার দুপুরে কাদের মোল্লার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর পরই নগরীর অলংকার মোড়, বহদ্দারহাট ও মুরাদপুরে জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশ ও সাধারণ মানুষের ওপর হামলা এবং তাণ্ডব চালায়।
পুলিশ দাবি করেছে, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। শিবিরকর্মীরা পুলিশের একটি পিকআপ ভ্যান, একটি মোটর সাইকেলে আগুন দেয় এবং পুলিশ বক্স ও বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে।
পুলিশের ওপর হামলার সময় উভয়পক্ষেল মধ্যে গুলিবিনিময়ের ঘটনাও ঘটেছে। পুলিশ তিন স্থান থেকে আটক করেছে ২৮ শিবিরকর্মীকে। এর মধ্যে সাতজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) হাবিবুর রহমান জানান, জামায়াত ও ইসলামী ছাত্রশিবির কর্মীরা মিছিল নিয়ে তিন দিক থেকে অলংকার পুলিশ বক্সে অতর্কিত হামলা চালায় এবং পুলিশের একটি পিক-আপ ভ্যানে আগুন দেয়।
এ সময় হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ককটেল ছুড়লে পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের গুলি বিনিময়ের পরে সেখান থেকে গুলিবিদ্ধ এক জনের লাশ উদ্ধার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা হাবিবুর।
নিহত ইমরান খান (২০) চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র বলে চমেক পুলিশ ফাঁড়ি জানায়। নিহত ইমরানকে ছাত্র শিবিরকর্মী বলে দাবি করেছেন নগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ।
হামলায় পাহাড়তলী থানার ওসি আবদুর রউফসহ ১২ পুলিশ সদস্য আহত হয় বলে পুলিশ কর্মকর্তা হাবিবুর জানান।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) তোফায়েল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থল ও এর আশেপাশের এলাকা থেকে পুলিশ সাতজনকে আটক করে। মাহাবুব নামে আরও এক শিবিরকর্মীকে এলাকাবাসী আটক করে পুলিশে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা একটার দিকে জামায়াত-শিবির কর্মীরা ট্রাইবুন্যালের বিচার ‘অবৈধ’ ও কাদের মোল্লাসহ সকল জামায়াত নেতাদের মুক্তির দাবিতে মিছিল করে অলংকার মোড়ে গিয়ে সরাসরি পুলিশ বক্সে হামলা চালায়।
এ সময় জামায়াত কর্মীরা সশস্ত্র অবস্থায় ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, শিবির কর্মীরা ইট পাটকেলের পাশাপাশি গুলি ও ককটেলও ছোড়ে।
অলঙ্কার মোড়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলাকালে পুলিশের একটি পিকআপভ্যানে শিবিরকর্মীরা আগুন দেয় বলে জানান বন্দর জোনের উপ-কমিশনার সাইফুল ইসলাম।
নগরীর অগ্নিনির্বপক বাহিনীর উপ- সহকারী পরিচালক জসীম উদ্দিন জানান, অগ্নিনির্বাপক বাহিনীর একটি দল সেখানে আগুন নেভাতে গেলে জামায়াত-শিবির কর্মীরা তাদের বাধা দেয়।
মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনাল কাদের মোল্লার যাবজ্জীবন সাজা দেয়ার খবর পাওয়ার পরপরই সকাল থেকেই পিকেটিংরত জামায়াত-শিবির কর্মীরা আরো বেপরোয়া হয়ে ওঠে। এসময়ই তারা নগরীর বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা, যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
এদিকে দুপুর সোয়া একটার দিকে নগরীর বহদ্দারহাট এলাকা থেকে পাঁচশতাধিক সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের একটি মিছিল মুরাদপুরের দিকে আসার সময় বিভিন্ন স্থাপনা ও যানবাহনে ভাংচুর করে।
এ সময় তারা একটি ট্রাক ও একটি ট্যাক্সি এবং বেশ কয়েকটি দোকান ভাংচুর করে। তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে।
মুরাদপুর মোড়ে সশস্ত্র জামায়াত-শিবিরকর্মীরা অতর্কিতে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে তারা রড ও লাঠিসোটা নিয়েও হামলা চালায়। এ সময় অনেক শিবিরকর্মীদের মোটরসাইকেলে রিভলভার নিয়ে মহড়া দিতে দেখা গেছে। পুলিশকে লক্ষ্য করে গুলিও ছোঁড়ে তারা।
এক পর্যায়ে পুলিশের সঙ্গে সেখানে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াতকর্মীরা সেখানে পুলিশের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াত শিবিরের হামলায় নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. শহিদুল্লাহসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন।
এর বাইরে অনেক সাধারণ মানুষও আহত হন বলে তিনি জানান।
পুলিশ কর্মকর্তা আব্দুর রউফ জানান, সংঘর্ষের পর পুলিশ মুরাদপুর ও পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে বিশজনকে আটক করে। এদের মধ্যে গুলিবিদ্ধ সাতজনকে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
তবে তারা শিবিরকর্মী কি না তা জানাতে পারেনি পুলিশ।
মুরাদপুর এলাকায় সংঘর্ষ চলাকালে পুলিশ দুইশ রাউন্ডের অধিক টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে বলে জানায় পুলিশ। পুলিশের ওপর হামলাকারী শিবিরকর্মীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশের ওপর হামলা ও ভাংচুরের ঘটনায় দুটি মামলা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আবদুর রউফ।
