দূরপাল্লার বাস চলছে না, ট্রেন-লঞ্চ স্বাভাবিক
হরতালে রাজধানীতে অল্প কিছু যান চললেও বন্ধ আছে দূরপাল্লার বাস চলাচল। তবে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
আব্দুল কাদের মোল্লার যুদ্ধাপরাধের মামলার রায় ঘোষণার দিনে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে।
হরতালে বিশৃঙ্খলা এড়াতে ভোর থেকেই রাজধানীর প্রধান সড়কে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য।
হরতাল শেষে সন্ধ্যায় গাবতলি ও মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার গাড়ি চলাচল শুরু করবে বলে বিভিন্ন পরিবহনের স্টেশন মাস্টাররা জানিয়েছেন।
গাবতলি বাস টার্মিনালে কেলাইন পরিবহনের স্টেশন মাস্টার জে এম সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতাল শেষ হলে সন্ধ্যায় বাসগুলো গন্তব্যে ছেড়ে যাবে।
আর পি পরিবহনেরকর্মী স্টেশন মাস্টার আব্দুস সালাম জানান, হরতালের কারণে মঙ্গলবারের সব আগাম টিকেট বাতিল করে যাত্রীদের ফোন করে জানিয়ে দেয়া হয়েছে। সন্ধ্যা ৬টার পর থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বাস ছেড়ে যাবে।
মহাখালী বাস টার্মিনালে স্টারলিট পরিবহনের স্টেশন মাস্টার আতিক ও ক্রাউন ডিলাক্স পরিবহনের স্টেশন মাস্টার ইব্রাহিমও জানান, হরতাল শেষ না হওয়া পর্যন্ত বাস ছাড়া হবে না।
“হরতালে গাড়ি ছাড়লে ভাংচুরের সম্ভবনা থাকে তাই আমরা কোনো রিক্স নেব না। হরতাল শেষ হলেই বাস ছাড়ব,” বলেন আতিক।
এদিকে গাবতলি বাস টার্মিনাল এলাকায় সকাল সাড়ে ৯টার দিকে হরতালের বিপক্ষে বিক্ষোভ মিছিল করেছেন ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীরা।
