হরতালে গোলযোগ বগুড়ায়
বগুড়ায় জামায়াতে ইসলামীর ডাকা হরতাল গোলযোগের মধ্য দিয়ে চলছে।
শনিবার সকাল থেকে কয়েকটি গাড়ি ভাংচুর হয়েছে, পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়েছে, চলছে ধাওয়া-পাল্টা ধাওয়াও।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল এবং আটক নেতাদের মুক্তির দাবিতে বৃহস্পতিবারের হরতালে তিনজন নিহতের প্রতিবাদে জেলাব্যাপী এই হরতাল ডাকা হয়।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের শিলিংপুর এলাকায় পুলিশের একটি পিকআপভ্যান লক্ষ্য করে হাতবোমা ছোড়ে পিকেটাররা।
সদর থানা ওসি সৈয়দ শহীদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতাল সমর্থনকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমার পাশাপাশি ইট ছুড়েছে।
বগুড়া-নওগাঁ সড়কের এরুলিয়া নামক স্থানে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেছে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।
নাশকতা এড়াতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানান ওসি। এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া শেরপুর উপজেলার শিরুয়া বটতলায় পাঁচটি গাড়ি ভাংচুর করা হয় বলে স্থানীয় সাংবাদিকরা জানান।
হরতালে দূরপাল্লার কোনো বাস চলছে না। কিছু রিকশা ছাড়া শহরে যানবাহনও চলছে না।
বিভিন্ন বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও যানবাহনের অভাব মানুষের দুর্ভোগ বাড়িয়েছে।
