২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে হরতাল ডেকেছে শিবির

কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রাজশাহী বিভাগের তিন জেলায় বুধবার আধাবেলা হরতাল ডেকেছে ইসলামী ছাত্র শিবির।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 08:27 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর জেলায় এ হরতাল হবে।

ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশরাফুল আলম ইমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্র শিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাজশাহী জেলা শিবিরের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান আশু, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আতিকুর রহমানের মুক্তির দাবিতে এই হরতাল ডাকা হয়েছে।”

এ দুটি দাবির সঙ্গে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আটক জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মুক্তি দাবিও থাকছে বলে জানান শিবির সভাপতি।

সংগঠনের তিন জেলার নেতারা বৈঠকে বসে এ হরতালের ঘোষণা দেন।

বৈঠকে রাজশাহী মহানগর সভাপতি আনিসুর রহমান, নাটোরে জেলার সভাপতি আলী আল মাসুদ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা সহ-সভাপতি শরিফ এনায়েতুল্লাহ উপস্থিত ছিলেন। 

হরতাল ঘিরে নাশকতা এড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও পুরো শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহীর পুলিশ কমিশনার মনিরুজ্জামান।