বিএনপির নতুন কর্মসূচি দুই-একদিনের মধ্যেই
এসএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনায় রেখে আন্দোলনের নতুন কর্মসূচি দুই-একদিনের মধ্যে ঘোষণা করবে বিএনপি।
সোমবার রাতে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠকের পর দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এ কথা জানান।
তিনি সাংবাদিকদের বলেন, “কী কর্মসূচি দেয়া যায়- সে বিষয়ে বৈঠকে জোট নেতাদের মতামত নিয়েছেন খালেদা জিয়া। ওই মতামত ও প্রস্তাব সমন্বয় ও নতুন কর্মসূচি চূড়ান্ত করে আজ-কালের মধ্যে তা জানানো হবে।
“সারাদেশে এসএসসি পরীক্ষার্থীর কথা বিবেচনায় রেখে আমরা কর্মসূচি চূড়ান্ত করছি।”
এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সোমবার রাত ৯টায় নতুন কর্মসূচি চূড়ান্ত করতে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। রাত সাড়ে ১০টা পর্যন্ত এই বৈঠক চলে।
বৈঠকের পর তরিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী গতকাল আওয়ামী লীগ সংসদীয় দলের সভায় দলীয় সরকারের অধীনে নির্বাচন করার যে কথা বলেছেন, তা বৈঠকে আলোচনা হয়েছে। জোট নেতারা একমত হয়েছেন, নির্দলীয় সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচন হতে পারবে না। এজন্য চলমান আন্দোলন তীব্র থেকে তীব্রতর করার বিষয়ে বৈঠক ঐক্মত্য হয়েছে।
‘আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি- আজ মহানগর পুলিশ কমিশনার শিবির কর্মীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছেন’- এই কথা উল্লেখ করে তরিকুল বলেন, “এ ধরণে বক্তব্য আইনের পরিপন্থী ও মানবাধিকার বিরোধী । আমরা মনে করি, পুলিশ কমিশনারের এহেন বক্তব্য প্রত্যাহার করার উচিৎ।”
বৈঠকে জোটের শীর্ষ নেতাদের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির অলি আহমেদ, জামায়াতে ইসলামীর মুহাম্মদ আবদুল হালিম, ইসলামী ঐক্যজোটের আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইসহাক, জাতীয় গণতান্ত্রিক পার্টির শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির শেখ শওকত হোসেন নিলু, ন্যাপ এর জেবেল রহমান গানি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির খোন্দকার গোলাম মূর্তজা, লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির আবদুল মবিন, ন্যাপ ভাসানীর শেখ আনোরুল হক, মুসলিম লীগের এএইচ এম কামরুজ্জামান খান, পিপলস লীগের গরীবে নেওয়াজ প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়া জোটের মহাসচিবদের মধ্যে এলডিপির রেদোয়ান আহমেদ, এনপিপির ফরিদুজ্জমান ফরহাদ, ন্যাপ এর গোলাম মোস্তফা ভুঁইয়া, এনডিপির আলমগীর মজুমদার, জাগপার খন্দকার লুৎফর রহমান, লেবার পার্টির হামদুল্লাহ আল মেহেদি, কল্যাণ পার্টির আবদুল মালেক চৌধুরী, যুগ্ম মহাসচিব এম এম আনিসুর রহমান, খেলাফত মজলিশের নায়েবে আমীর মাসুদ খান, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি, জমিয়তে উলামা ইসলামের যুগ্ম মহাসচিব মাওলনা মহিউদ্দিন ইকরাম প্রমুখ ছিলেন।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামও ছিলেন।
গত রোববার রাতে কর্মসূচির বিষয়ে খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন।
১৮ দলীয় জোট ঘোষিত মাসব্যাপী কর্মসূচি গত শনিবার শেষ হয়।
