২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির ভাষণে বিভ্রান্ত করার চেষ্টা: ফারুক

রাষ্ট্রপতির ভাষণকে প্রত্যাখান করে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, রাষ্ট্রপতি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছেন।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 08:52 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

রোববার বিকালে সংসদের শীতকালীন অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বিরোধী দলকে সংসদে ফিরে আসার আহবান জানান।

তিনি বলেন, “বয়কট ও জ্বালাও-পোড়াও-সংঘাত-নৈরাজ্যের পথ পরিত্যাগ করুন। হরতাল-অবরোধ বাদ দিয়ে আপনাদের যাবতীয় অভিযোগ, প্রস্তাব, সুপারিশ ও মতামত সংসদের ভেতরে এসে বলুন এবং গণতন্ত্রকে বিকশিত হতে সহায়তা করুন।”

সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে জয়নুল আবদিন ফারুক বলেন, “সরকারের লেখা ভাষণ পড়ে রাষ্ট্রপতি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছেন।”

গণগ্রেপ্তার চালিয়ে সরকার নির্দলীয় সরকারের আন্দোলন রুখতে পারবেন না মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, “গণ বিস্ফোরণ সৃষ্টি করে সরকারের পতন ঘটানো হবে।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা প্রত্যাহার এবং ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে ১৮ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি, কল্যাণ পার্টি, ন্যাপ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির উদ্যোগে সকাল ১০ টা থেকে সাড়ে ১১টা এই কর্মসূচি পালন করা হয়।

জয়নুল আবদিন ফারুক বলেন, সরকারের কারণেই সংসদ অকার্যকর হয়ে পড়েছে।

“সরকার পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। পুলিশ বাহিনীতে যারা অন্যায়-নির্যাতন করছে, তাদের পুলিশ পদক দেয়া হচ্ছে। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, এভাবে পুলিশ বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকা যাবে না।”

নেতাকর্মীদের ‘হতাশ না হওয়ার’ আহ্বান জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, “সময় এসে গেছে, এই সরকারকে আন্দোলনের মাধ্যমে টেনে হেঁচড়ে ক্ষমতা থেকে সরানোর।”

লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহানগর সভাপতি এম এম খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে অন্যদের মধ্যে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব আলমগীর মজুদার, ন্যাপ এর মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, কল্যাণ পার্টির মহাসচিব আবদুল মালেক চৌধুরী, সহসভাপতি সাহিদুর রহমান তামান্না, যুগ্ম মহাসচিব এম এম আমিনুর রহমান, মহানগর সভাপতি নুরুল কবীর ভুঁইয়া পিন্টু, বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন এই কর্মসূচিতে বক্তব্য দেন।