২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে ‘যাচ্ছে না’ বিএনপি

প্রধান বিরোধী দল বিএনপি বিকালে শুরু হতে যাওয়া সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিচ্ছে না বলেই ইংগিত দিয়েছেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 08:27 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

রোববার সকালে সংসদ ভবন এলাকায় বিরোধী দলীয় সাংসদদের এক মানবন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “আমরা সংসদে ফিরে যেতে চাই। কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। সরকারের দমননীতির কারণে আমরা আজ রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছি। বিরোধী দলীয় নেতাকে মিথ্যা মামলায় জড়িয়ে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। আমাদের মহাসচিবকে কারাগারে আটকে রাখা হয়েছে।”

সরকারের উদ্দেশে ফারুক বলেন, “এখনো সময় আছে, দেশকে আর সংহিসতার দিকে ঠেলে দেবেন না। চলতি অধিবেশনেই নির্দলীয় সরকারের বিল উপস্থাপন করুন। অবিলম্বে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ও  আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে দায়ের মিথ্যা মামলা প্রত্যাহার করুন। তাহলেই আমরা সংসদে ফিরে যাব।”

সংসদে নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহালের বিল উত্থাপন এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিতে এই মানববন্ধন করেন বিরোধী দলীয় সাংসদরা ।

বিএনপির সাংসদ আবুল খায়ের ভুঁইয়া, শহীদ উদ্দিন চৌধুরী, মোমিন তালুকদার খোকা, মজিবুর রহমান সারওয়ার, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, রুমানা আহমেদ, শেখ সুজাত মিয়া, প্রকৌশলী গোলাম মোস্তফা, হারুন অর রশীদ, রেহানা আখতার রানু, নিলুফার চৌধুরী মনি, এ কে এম হাফিজুর রহমান, মোজাহার আলী প্রধান, মোস্তফা কামাল পাশাসহ ২৪ জন এই কর্মসূচিতে অংশ নেন।

নবম সংসদে ষোড়শ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে বিকাল ৩টায়। বছরের প্রথম অধিবেশন হওয়ায় রীতি অনুযায়ী রাষ্ট্রপতি জিল্লুর রহমান এদিন ভাষণ দেবেন।

বিএনপি ও সমমনা দলগুলো ত্রয়োদশ অধিবেশন থেকেই সংসদ বর্জন করে আসছে।

জয়নুল আবদিন ফারুক মানববন্ধনে বলেন, “মহামান্য রাষ্ট্রপতি আজ সংসদের অধিবেশনে ভাষণ দেবেন। তাকে বিনয়ের সঙ্গে বলতে চাই, আপনি যখন সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ করবেন, তখন বাম পাশের বিরোধী দলের আসনগুলো শূন্য থাকবে। রাষ্ট্রপতি কি সংসদ নেতাকে জিজ্ঞেস করবেন- কেন ওই আসনগুলো শূন্য আছে?”

অন্যদের মধ্যে সাংসদ মাহমুদুল হাসান, মাহবুবউদ্দিন খোকন, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, শাম্মী আখতার, রাশেদা বেগম হীরা, জেড আই এম মোস্তফা আলী মুকুল, মেজবাহ উদ্দিন ফরহাদ, লুৎফর রহমান, আমজাদ হোসেন মানববন্ধনে বক্তব্য দেন।