‘সংবিধানের ষোড়শ সংশোধন চাই’
নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহাল করে সংবিধানের ষোড়শ সংশোধনের দাবি জানিয়েছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, যা পঞ্চদশ সংশোধনে বিলুপ্ত হয়েছিল।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ বলেন, “আপনাদের (সরকারি দল) সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা আছে। দ্রুত সংবিধানের ষোড়শ সংশোধন করে তত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনুন।”
বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন
তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না দাবি করে তত্ত্বাবধায়ক পদ্ধতি ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।
মোশাররফ বলেন, “গোয়েন্দা প্রতিবেদনে আগামী নিবার্চনে আওয়ামী লীগের ভরাডুবির কথা বলা হয়েছে। তাই তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করে আবার ক্ষমতায় থাকতে চায়।”
সরকার তত্ত্বাবধায়ক পদ্ধতি ফিরিয়ে না আনলে আন্দোলনের মাধ্যমে তাদের বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
জিয়া নাগরিক ফোরামের অষ্টাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের সভাপতি মিয়া মোহাম্মদ আনোয়ার, বিএনপির সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, ফোরামের সাধারণ সম্পাদক কে এ জামান প্রমুখ।
