২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী চট্টগ্রাম যাচ্ছেন শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার চট্টগ্রাম আসছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2013, 01:44 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

চট্টগ্রাম সফরকালে তিনি ওইদিন সকালে নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের ৫৪ তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসোবে বক্তব্য রাখবেন। বিকালে শেখ হাসিনা রাঙ্গুনিয়ায় স্থানীয় আওয়ামী লীগের এক জনসভায় ভাষণ দেবেন।

এর বাইরে প্রধানমন্ত্রী পাঁচটি প্রকল্পের উদ্বোধন ছাড়াও দুটি জুট মিলের সরকারিভাবে পুনঃচালুর কার্যক্রম উদ্বোধন করবেন।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর চট্টগ্রামে সফর উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  

চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে পাওয়া সফররসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ঢাকা থেকে যাত্রা করে শনিবার সকাল এগারটায় নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এর কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

পরে তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে যাবেন।

এখানে অবস্থান করেই প্রধানমন্ত্রী ফৌজদারহাট নার্সিং কলেজ, একইস্থানে ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি, বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস জিজিজেস, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের উদ্বোধন এবং মা ও শিশু হাসপাতালের ৮৫০ শয্যার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

পরে তিনি হেলিকপ্টারযোগে রাঙ্গুনিয়ায় পৌঁছে পোমরা এলাকায় কর্ণফুলী ফোরাত কার্পেট মিল ও কর্ণফুলী জুট মিলের পুনরায় চালুর কার্যক্রম উদ্বোধন করবেন।

সবশেষে বিকাল তিনটায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মরিয়মনগরে রাঙ্গুনিয়া পাইলট স্কুলে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (সদর) বনজ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। 

এছাড়া জেলার বাইরে রাঙ্গুনিয়া ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় বলে জেলা পুলিশ সূত্রে জানা যায়।