২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিচার নিয়ে প্রশ্নের অবকাশ নেই’

একাত্তরের যুদ্ধাপরাধের বিচার নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যের প্রতিক্রিয়ায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, স্বচ্ছতার সঙ্গেই এই বিচার চলছে এবং তা নিয়ে কোনো ধরনের প্রশ্নের অবকাশ নেই।

মঈনুল হক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 11:27 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচারে যুক্তরাষ্ট্র সমর্থন জানালেও দেশটি বিচারের স্বচ্ছতার ওপর জোর দিয়েছে।

যুদ্ধাপরাধের প্রথম রায়ের একদিন পর ওয়াশিংটনের পক্ষ থেকে এক প্রতিক্রিয়ায় নিজেদের অবস্থান তুলে ধরা হয়।

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে যুক্তরাষ্ট্রের সমর্থনকে সাধুবাদ জানাই।”

স্বচ্ছতার সঙ্গে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে যুদ্ধাপরাধের বিচার চলছে জানিয়ে তিনি বলেন, “এ নিয়ে সন্দেহ থাকার অবকাশ নেই।”

যুক্তরাষ্ট্রের বিবৃতিতে এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে কয়েকটি মানবাধিকার সংগঠনের প্রশ্ন থাকার বিষয়টি উল্লেখ করা হয়।  

কামরুল বলেন, “যারা এই নিয়ে প্রশ্ন তুলছে, তারা মিথ্যাচার করছে। এ বিচারের মধ্য দিয়ে আমরা আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টান্ত স্থাপন করতে চাই।”

Image
একাত্তরে গণহত্যার শিকার

একাত্তরে গণহত্যার শিকার

একাত্তরে পাকিস্তানের পক্ষে থাকা যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থানকে স্বাগত জানান শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একাত্তরে তারা বাংলাদেশের বিরুদ্ধে ছিল। এখন বিচারে সমর্থন জানানোয় তাদের ধন্যবাদ জানাই।”

শ্যামলী নাসরিন অবশ্য বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামীর সঙ্গে সরকারকে সংলাপে বসার মার্কিন রাষ্ট্রদূতের পরামর্শের সমালোচনা করেন।

“তারা নিজ দেশের জন্য এক নীতি, অন্যদের জন্য আরেক নীতি অবলম্বন করে। তারা তালেবানের সঙ্গে তো সংলাপ করে না। কীভাবে তারা জামায়াতের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দেয়?”

যুদ্ধাপরাধের বিচারের মান সন্দেহাতীত উল্লেখ করে শ্যামলী নাসরিন বলেন, “তাদের (যুক্তরাষ্ট্র) পরামর্শ মতো আমরা চলব না। আমরা আমাদের আইন ও আন্তর্জাতিক মান বজায় রেখেই বিচার করছি। ন্যুরেমবার্গ ট্রাইব্যুনালে আপিলের সুযোগও ছিল না, বাংলাদেশে রয়েছে।”

সেক্টর কমান্ডারস ফোরামের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ যুক্তরাষ্ট্রের সমর্থনকে ইতিবাচক মনে করেন।

“আমি তাদের বিবৃতি পড়েছি। যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে বিচারে। মান নিশ্চিতের বিষয়ে তাদের বক্তব্যটা তাদের বিশ্বাস। এখানে সরোচ্চ মান বজায় রেখে বিচার হচ্ছে।”

যুক্তরাষ্ট্রের এ অবস্থানকে যুগান্তকারী মনে করছে ওয়্যার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি।

কমিটির আহ্বায়ক এম এ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয়া প্রভাবশালী এই দেশের সমর্থন খুবই ইতিবাচক।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ১৯৯৯ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তনের সূচনা হয় বলে মনে করেন তিনি।

যুক্তরাষ্ট্রের বিবৃতি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।

তিনি বলেন, “আমার দলের অবস্থান ইতোমধ্যে আমরা তুলে ধরেছি। নতুন করে বলার কিছু নেই। যুক্তরাষ্ট্রের বিবৃতি নিয়ে আমাদেরও বলার কিছু নেই।”

আনোয়ার তিন দিন আগেই যুদ্ধাপরাধের এই বিচারকে ‘প্রহসন’ আখ্যায়িত করেছিলেন। তবে তার দলের পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপি বিচার সমর্থন করে। তবে এতে ‘স্বচ্ছতা’ রাখতে হবে।

যুক্তরাষ্ট্রের বিবৃতির প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “অনেক দেশে গ্যাস চেম্বারে ফাঁসি কার্যকর হয়, কোথাও ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর হয়। অনেক দেশে প্রকাশ্যে শিরোচ্ছেদ করা হয়। বাংলাদেশেও নিয়ম অনুযায়ী ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার‌্যকর হয়।”

 “প্রকাশ্য আদালতে দেশের নিজস্ব আইন, আন্তর্জাতিক মান ও আইনি সংষ্কৃতির ধারাবাহিকতায় যুদ্ধাপরাধের বিচার হচ্ছে। এ নিয়ে কোনো প্রশ্ন উঠতেই পারে না। এ বিচারে সুপ্রিম কোর্টে আপিলের সুযোগও রয়েছে, যা পৃথিবীর অন্য কোথাও নেই।”

পুরনো খবর:

বিচারে যুক্তরাষ্ট্রের সমর্থন, মান নিশ্চিতের আহ্বান