‘অযোগ্য ও ব্যর্থ সরকার দেশ চালাচ্ছে’
আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকারকে সবচেয়ে অযোগ্য ও ব্যর্থ বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
বুধবার সিলেটে তিনি বলেন, “বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে অযোগ্য ও ব্যর্থ সরকার দেশ চালাচ্ছে। সরকারের স্বৈরাচারী শাসনে দেশ আজ ধ্বংসের মুখে, ফলে মানুষ চরম দুর্ভোগে রয়েছে। এই ব্যর্থ, অযোগ্য, দুর্নীতিবাজ সরকারকে জনগণ আর দেখতে চায় না। এ সরকারের হাতে দেশের কেউ আজ নিরাপদ নয়।”
দুপুরে সিলেট কোর্ট পয়েন্টে বিএনপির গণসংযোগ কর্মসূচির উদ্বোধন সমাবেশে খন্দকার মোশাররফ বিরোধী দলকে স্তব্ধ করার জন্য সরকার নেতাকর্মীদের হত্যা, গুমসহ নানাভাবে হয়রানি ও নির্যাতন করছে বলে অভিযোগ করেন।
সাবেক এ স্বাস্থ্যমন্ত্রী নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন।
সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, সিলেট জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দিলদার হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, সিলেট মহানগর বিএনপির সভাপতি এম এ হক, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকি প্রমুখ বক্তব্য দেন।
পরে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর কোর্টপয়েন্ট থেকে আম্বরখানা পর্যন্ত গণসংযোগ করেন ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা।
