১৩ প্রতীক সংসদে দলের, আবার স্থানীয়তে ব্যক্তির
বাংলাদেশের সাম্যবাদী দলের নির্বাচনী প্রতীক চাকা। তবে এই প্রতীকটি আবার ব্যবহার হয় স্থানীয় নির্বাচনে। সংসদ নির্বাচনে নিবন্ধিত দলের এই প্রতীক তখন হয়ে যায় কোনো ব্যক্তির।
নিবন্ধিত ৩৮টি রাজনৈতিক দলের মধ্যে ১৩টির প্রতীক এভাবে ব্যবহার হচ্ছে, যা নিয়ে অসন্তোষ রয়েছে দলগুলোর।
নিবাচন কমিশন বলছে, বিষয়টি তাদেরও নজরে এসেছে এবং স্থানীয় নির্বাচনের তালিকা থেকে ওই প্রতীকগুলো বাদ দেয়া হবে।
স্থানীয় সরকারের সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থীদের প্রতীকের তালিকায় রয়েছে সাতটি দলের প্রতীক।
দলগুলো হল- বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)- চাকা, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ- চেয়ার, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)- ছাতা, খেলাফত মজলিশ- দেয়াল ঘড়ি, প্রগতিশীল গণতান্ত্রিক দল- বাঘ, গণফ্রন্ট- মাছ, বাংলাদেশ খেলাফত মজলিশ- রিকশা।
সাধারণ আসনের কাউন্সিলর পদে প্রতীকগুলোর মধ্যে রয়েছে: ন্যাশনাল পিপলস পার্টির আম, বাংলাদেশ ন্যাপের গাভী, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের চাবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) মই, বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের মোমবাতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা।
উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা সদস্য পদের প্রার্দের তালিকায় রয়েছে ১১টি দলের প্রতীক।
পৌরসভার মেয়র পদে ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদেও রয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীক।
চার বছরেও ইসির এই বিষয়ে গুরুত্ব না দেয়ার সমালোচনা করে খেলাফত মজলিশের নায়েবে আমির সৈয়দ মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা নির্বাচনমুখী দল নই বলে এ বিষয়টি খেয়াল করিনি। সম্প্রতি আমাদের দলের প্রতীকটি ব্যবহার হচ্ছে বলে জেনেছি।”
স্থানীয় নির্বাচনে দলের প্রতীব ব্যবহার মানুষকে বিভ্রান্ত করে বলে মনে করেন তিনি।
মজিবুর ক্ষোভের সঙ্গে বলেন, “আমরা তো নৌকা, ধানের শীষ বা লাঙল নই; তাই খেয়াল রাখছে না ইসি।”
এই বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগে থেকে স্থানীয় সরকার বিধিমালায় প্রতীকগুলো ছিল। আমরা এখন তা পর্যালোচনা করছি। শিগগির দলীয় প্রতীকগুলো বাদ দেয়া হবে।”
জাতীয় সংসদের নির্বাচন পরিচালনা বিধিমালায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য ১৪১টি প্রতীক রয়েছে। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের প্রাক্কালে নিবন্ধন বাধ্যতামূলক করা হয় এবং নিবন্ধিত দলগুলোকে স্থায়ীভাবে প্রতীকও বরাদ্দ দেয়া হয়।
সম্প্রতি ইউনিয়ন পরিষদের একটি নির্বাচনে খেলাফত মজলিশের দেয়াল ঘড়ি ও বিজেপির গরুর গাড়ি প্রতীকটি বরাদ্দ দেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
বিষয়টি জেনে ইসি সচিবালয়ের উপসচিব মিহির সারওয়ার মোর্শেদ এই দুটি প্রতীক তালিকা থেকে বাদ দিতে বলেন।
নিবন্ধন বাছাই কমিটির সদস্য সচিব ও ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মেছবাহ উদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনুমতি ছাড়া নিবন্ধিত দলের প্রতীক অন্যরা ব্যবহার করতে পারবে না।
