আ. লীগের বৈঠকে ‘ওয়ান টাইম’ এমপিদের সমালোচনা
আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী সংসদের প্রথম বৈঠকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার পরামর্শের পাশাপাশি প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্যদের সমালোচনা হয়েছে।
সোমবার গণভবনে দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের নতুন কমিটির বৈঠক হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়ে রাত ৯টার কিছু সময় পর পর্যন্ত এই বৈঠক চলে।
বৈঠকে অংশ নেয়া এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈঠকে ‘ওয়ান টাইম এমপি’ দের সমালোচনা করেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা বলেন, “শেখ সেলিম বলেছেন, সরকারের কর্মকাণ্ড ইতিবাচক। সরকারের কাজে কেউ অখুশি নয়। বিভিন্ন ওয়ান টাইম এমপিদের (একবারের জন্য যারা সাংসদ হয়েছেন) জন্য সরকারের বদনাম হচ্ছে।”
সভায় যথাসময়ে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হবে বলে নেতাদের আশ্বস্ত করে শেখ হাসিনা সবাইকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেন বলে ওই নেতা জানান।
নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক তৎপরতা বাড়াতে সাংগঠনিক সম্পাদকদেরও নির্দেশ দেন শেখ হাসিনা। আগামী দুই মাসের মধ্যে সব সাংগঠনিক জেলার থানা পর্যায় পর্যন্ত সম্মেলন শেষ করার তাগিদ দেন তিনি।
ওই নেতা বলেন, “শেখ হাসিনা বলেছেন, তা (সম্মেলন) না হলে ওই কমিটিগুলো বিলুপ্ত করা হবে। আর এর দায় সাংগঠনিক সম্পাদকদের নিতে হবে।”
বৈঠকের শুরুতেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
সভার শুরুতেই আওয়ামী লীগ সভাপতি প্রারম্ভিক বক্তব্যে মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম রায়কে ‘নবযাত্রার শুরু’ বলে মন্তব্য করেন।
