আসাদকে স্মরণ
মৃত্যুবার্ষিকীতে ফুল দিয়ে ঊনসত্তরের গণঅভ্যুত্থানে শহীদ আমানউল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামানকে স্মরণ করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।
পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের (মেনন গ্রুপ) নেতা আসাদ ১৯৬৯ সালে ২০ জানুয়ারি পুলিশের গুলিতে নিহত হন।
তার মৃত্যু গণআন্দোলনকে বেগবান করে, যার ফলে পতন ঘটে আইয়ুব খানের, মুক্তি পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ রাজবন্দিরা।
আসাদের মৃত্যুর এই দিনটিকে আসাদ দিবস হিসেবে পালন করে রাজনৈতিক দলগুলো।
আসাদ যেখানে মারা গিয়েছিলেন, সেই স্থানে নির্মিত স্মৃতিস্তম্ভে রোববার ফুল দিয়ে গণআন্দোলনের এই শহীদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি, ওয়ার্কার্স পার্টি, সিপিবি, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন।
আসাদ স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসুর) উদ্যোগে ১৯৯২ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ‘গণজাগরণ’ শিরোনামে একটি ভাস্কর্য নির্মাণ হয়।
ডাকসুর ওই সময়ের সহসভাপতি (ভিপি) আমানউল্লাহ আমান শ্রদ্ধান জানানোর পর সাংবাদিকদের বলেন, “দেশে বর্তমান পরিস্থিতিতে মানুষ স্বাধীনভাবে কথা বলার অধিকার হারিয়েছে। গণতন্ত্র আজ অবরুদ্ধ ও ভূলণ্ঠিত হয়ে পড়েছে।”
“দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে আরেকটা ঊনসত্তর দরকার,” বলেন এই বিএনপি নেতা।
