‘কোরবানি ছাড়া পদ্মা সেতু হবে না’
পদ্মা সেতু প্রকল্পের জট ছাড়াতে একটি ‘কোরবানি’ দিতে হবে বলে মন্তব্য করেছেন দপ্তর বিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
পদ্মা প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনকে আসামি করা হবে কি না- জানতে চাই তিনি সরাসরি উত্তর এড়িয়ে বলেছেন, “পদ্মা সেতুর জন্য একটি কোরবানি অবশ্যই লাগবে, সে যেই হোক। কোরবানি ছাড়া পদ্মা সেতু হবে না।”
শনিবার সিলেট এমসি কলেজে ঘুড়ি উৎসবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন সুরঞ্জিত, নিজের ব্যক্তিগত সহকারীর অর্থ কেলেঙ্কারির পর যাকে রেল মন্ত্রণালয় ছাড়তে হয়েছিল।
২১ অগাস্টের জন্য ক্ষমা চান: খালেদাকে সুরঞ্জিত
বিশ্ব ব্যাংকের শর্ত মানতে প্রথমে যোগাযোগমন্ত্রীর পদ ছেড়েছিলেন সৈয়দ আবুল হোসেন, পরে মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন তিনি।
এরপর দুর্নীতি দমন কমিশন মামলা করলেও তাতে আবুল হোসেনকে আসামি না করায় বিশ্ব ব্যাংক সন্তুষ্ট হয়নি বলে বিভিন্ন সংবাদপত্রের খবর।
সুরঞ্জিত বিরোধী দলকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন না করে নির্বাচন কমিশন সুসংগঠিত করার বিষয়ে কথা বলার আহ্বান জানান।
“তা করলে গণতন্ত্র উপকৃত হত,” বলেন তিনি।
“সরকার নির্বাচন করে না, নির্বাচন করে নির্বাচন কমিশন। তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজন শক্তিশালী নির্বাচন কমিশন।”
বর্তমান নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিরোধী দল যে প্রশ্ন তুলেছে, সে বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সুরঞ্জিত বলেন, “নির্বাচন কমিশন পুনর্গঠনে বিরোধী দলও অংশ নিয়েছিল। তারপরও যদি বিরোধী দলের কোনো অভিযোগ থাকে, তবে তাদের উচিত সংসদে এসে কথা বলা।”
