সংসদের আগে সিটি-উপজেলা নির্বাচনে আপত্তি বিএনপির
সংসদ নির্বাচনের আগে সিটি কর্পোরেশন ও উপজেলা পরিষদ নির্বাচনে আপত্তি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
সরকার স্থানীয় নির্বাচন আগে করতে চাইছে দাবি করে সেই পরিকল্পনা বাদ দেয়ার আহ্বানও জানিয়েছে দলটি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম শনিবার সাংবাদিকদের বলেন, “কয়েকটি গণমাধ্যমে আজ সংবাদ বেরিয়েছে, তারা (সরকার) ঢাকাসহ বিভিন্ন সিটি করপোরেশন এবং উপজেলা নির্বাচন দিতে চায়।
“জননসাধারণকে বিভ্রান্ত এবং নির্বাচনমুখী করার জন্যই সরকার এই ষড়যন্ত্র পেতেছে। আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, সরকারের এসব ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন হবে না। আন্দোলনেই তা রুখে দেয়া হবে।”
সকালে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা জানানোর পর তরিকুল সাংবাদিকদের এই কথা বলেন।
আওয়ামী লীগ একদলীয় নির্বাচনের দিকে এগোতে চাইছে দাবি করে তিনি বলেন, “আমাদের লক্ষ্য- নির্দলীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে দেশে একটি সুষ্ঠু নির্বাচন করা। এই উদ্দেশ্যে চলমান আন্দোলনকে আমরা পর্যায়ক্রমে তীব্র থেকে তীব্রতর করব।”
চট্টগ্রাম-১২ আসনের উপনির্বাচনের দিকে ইঙ্গিত করে তরিকুল বলেন, “দেখা গেছে, ভোটাররা এরকম একদলীয় নির্বাচনে ভোটকেন্দ্রেই যায়নি। জাল ভোট দিয়ে, ভোটার উপস্থিতি দেখিয়ে নির্বাচন কমিশন ক্ষমতাসীন দলের প্রার্থীকে জিতিয়েছে।”
বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর ‘হামলাকারী’ পুলিশ কর্মকর্তা হারুন-অর রশীদকে রাষ্ট্রপতি পদকের জন্য মনোনীত করার খবরে ক্ষোভ প্রকাশ করেন বিএনপি নেতা তরিকুল।
“যে পুলিশ কর্মকর্তা বিরোধীদলীয় প্রধান হুইপকে লাঠিপেঠা করেছেন, বিশ্বজিত দাস হত্যার সময়ে যিনি দায়িত্বে থেকে ছাত্রলীগের ক্যাডারদের হত্যাকাণ্ড সংঘটিত করতে বাধা প্রদান করেননি।”
“তাকেই এবার রাষ্ট্রপতি মেডেল দিতে যাচ্ছে সরকার। এটা দেশের লজ্জাজনক ঘটনা। আমরা সরকারের এহেন সিদ্ধান্তে ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করছি।”
পুলিশের কার্যক্রমে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ দমনে পেপার স্প্রে ব্যবহারের সমালোচনাও করেন বিএনপি নেতা।
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীরের উদ্দেশে তিনি বলেন, “আপনি বলেছেন, আন্দোলনকারীদের তিনি ফুলের মালা দিয়ে বরণ করবেন না। আমরা তা বলছিও না।
“কিন্তু সংবিধান জনগণকে অধিকার দিয়েছে, যে কোনো কিছুর প্রতিবাদ জানানোর। এই সরকার আজ সেই অধিকার হরণ করছে। সংবিধানকেও তারা আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়েছে।”
সরকারবিরোধী আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তরিকুল।
