অর্ধেক ভোটের ৯৭ শতাংশই জাবেদের
চট্টগ্রামে আখতারুজ্জামান চৌধুরী বাবুর আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তার ছেলে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত উপনির্বাচনে মোট ৫১ দশমিক ০৪ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। এর ৯৭ দশমিক ৮৪ শতাংশই পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আখতারুজ্জামান বাবুর মৃত্যুতে চট্টগ্রাম-১২ (আনোয়ারা) আসনে উপনির্বাচন হয়। দুজন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় অনুষ্ঠিত এই উপনির্বাচনে ভোটার উপস্থিতি ছিল কম।
ভোট গণনা শেষে রাত ৮টার দিকে বেসরকারি ফলাফল সাংবাদিকদের জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা খোরশেদ আলম। তিনি বলেন, শুক্রবার সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা ফরহাদ আহাম্মদ খান আনুষ্ঠানিক ফল ঘোষণা করবেন।
নির্বাচনী ফলাফলে দেখা যায়, নৌকা প্রতীকে জাবেদ পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৯৬৪ ভোট। উদীয়মান সূর্য প্রতীক নিয়ে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী গণফোরামের উজ্জ্বল ভৌমিক পেয়েছেন ১ হাজার ৮৪৬ ভোট।
এই আসনে মোট ভোটার ছিল ২ লাখ ৫ হাজার ২৫৭। তবে ১ লাখ ২৭ হাজার ৭১৯ জন ভোট দিয়েছেন বলে নির্বাচন কর্মকর্তা জানান।
নিরুত্তাপ এই নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন রিটার্নিং কর্মকর্তা ফরহাদ খান। তবে উজ্জ্বল ভৌমিক কয়েকটি কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ তুলেছেন।
ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাধারণভাবেই উপ-নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম থাকে।”
স্থানীয় দোকানী লোকমান হোসেন বলেন, “মাত্র আট-নয় মাসের জন্য নির্বাচন হচ্ছে। তাই ভোটারদের আগ্রহ কম। তাছাড়া আগের এমপি আখতারুজ্জামান চৌধুরীর ছেলে সাইফুজ্জামান চৌধুরীর বিপরীতে শক্ত কোনো প্রার্থীও নেই।”
এই আসনে আখতারুজ্জামান বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হন। এখন তার ছেলে জনপ্রতিনিধিত্ব করবেন।
এর আগে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শূন্য আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তার ছেলে নাহিম রাজ্জাক।
বিরোধী দলবিহীন এই নির্বাচনে ভোট দেয়ার ভান করে সমালোচনার মুখে পড়েছেন ব্যবসায়ী নেতা জাবেদ। তিনি এই আসনে ভোটার নন। তবে ভোট চলার সময় ছবি তুলতে একটি কেন্দ্রে ভোট দেয়ার ‘অভিনয়’ করেন তিনি।
এ আসনের মোট ৯০টি কেন্দ্রের মধ্যে ৬০টি আনোয়ারা উপজেলায়, বাকি ৩০টি পশ্চিম পটিয়ায়।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এ কে এম হাফিজ আকতার সাংবাদিকদের জানান, নির্বাচন শান্তিপূর্ণ করতে নিরাপত্তা বাহিনীর চার হাজার সদস্য মোতায়েন ছিল।
এছাড়া নির্বাচনচলাকালীন ও পরবর্তী সময়ে নিরাপত্তা রক্ষায় ২৫০ জন র্যাব সদস্য নিয়োজিত রয়েছেন।
