২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তিন বারের প্রধানমন্ত্রী, উনি তো চেয়ারে বসবেন’

জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানিতে এজলাসে বসতে চেয়ার পেয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 03:23 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হকের আদালতে এই মামলার অভিযোগপত্র গ্রহণ হয়।

শুনানির আগেই খালেদা জিয়ার বসার জন্য কাঠগড়ার পাশেই একটি চেয়ার রাখা হয়। বিএনপির চেয়ারপারসন এই মামলার অন্যতম আসামি।

খালেদা জিয়া বেলা ২টা ১০ মিনিটে আদালত কক্ষে ঢোকেন। তখন বিচারক তার খাস কামরায় ছিলেন। বিচারক আসার আগ পর্যন্ত পাঁচ মিনিট দাঁড়িয়ে ছিলেন তিনি।

বিচারক জহুরুল হক আসন নেয়ার পর খালেদার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার বলেন, “ম্যাডাম কি বসতে পারেন?”

এর উত্তরে বিচারক জহুরুল হক বলেন, “আমার অনুমতি নেয়ার কোনো প্রয়োজন ছিল না। উনি তো বাংলাদেশের তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী। উনি চেয়ারে অবশ্যই বসবেন।”

বিচারকের এই কথায় অসন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কয়েকজন আইনজীবী অনুচ্চ স্বরে বলতে থাকেন, বিচারক এই রকম কথা কোনো বিচারপ্রার্থীকে বলতে পারেন না।