২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক মামলায় ফখরুলের জামিন, অন্যটিতে খারিজ

অবরোধে গাড়ি ভাংচুরের অভিযোগে সূত্রাপুর থানার মামলায় জামিন পেলেও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় মতিঝিল থানার মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 04:40 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

মহানগর দায়রা জজ মো. জহুরুল হক মঙ্গলবার শুনানি শেষে এই আদেশ দেন।

এক মামলায় জামিন খারিজ হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুলকে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে। তবে তিনি এরপর হাই কোর্টে যেতে পারবেন।   

হাকিম আদালতে নাকচ হয়ে যাওয়ার পর গত ৯ জানুয়ারি দায়রা আদালতে এ দুই মামলায় জামিনের আবেদন করেন ফখরুল।

ফখরুলের আইনজীবী রফিক-উল হক ও খন্দকার মাহাবুবর হোসেন জামিন শুনানিতে বলেন, দুই মামলার কোনোটির এজাহারেই এই বিএনপি নেতার নাম নেই। তাছাড়া তার বাইপাস সার্জারি হয়েছে। এ রকম অসুস্থ একজন ব্যক্তিকে কারাগারে না রেখে জামিন দেয়া হোক। 

এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবদুল্লাহ আবু আদালতে বলেন, মির্জা ফখরুল অবরোধের সময় গাড়ি বের না করতে হুমকি দিয়েছিলেন। তার উস্কানি ও নির্দেশেই গাড়ি ভাংচুর হয়েছে। সুতরাং তাকে জামিন দেয়া উচিৎ হবে না।    

এ দুটি মামলায় এর আগে ফখরুলকে ১৭ দিনের রিমান্ডে চেয়েছিল পুলিশ। তবে হাকিম আদালত সে আবেদন নাকচ করে দিয়েছিল।

১৮ দলের রাজপথ অবরোধের সময় গাড়ি ভাংচুরের ঘটনায় ঢাকায় যে ৩৮টি মামলা হয়, তার প্রায় সবকটিতে আসামি করা হয়েছে ফখরুলকে।

এর মধ্যে পল্টন ও শেরেবাংলা নগর থানার দুটি মামলায় ১০ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তার করা হয়। ওই দুই মামলায় ফখরুলের জামিন আবেদন মহানগর হাকিম আদালত ও দায়রা জজ আদালতে খারিজ হয়ে গেলে হাই কোর্টে যান এই বিএনপি নেতা।

হাইকোর্ট ২ জানুয়ারি তাকে ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন দিলেও পরদিন তাকে নতুন করে মতিঝিল ও সূত্রাপুর থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে হরতালে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর মামলায় গ্রেপ্তারের পর কাশিমপুর কারাগারে মাস খানেক ছিলেন ফখরুল। পরে তিনি জামিনে ছাড়া পান।