জিয়া ট্রাস্ট মামলা: খালেদা মঙ্গলবার আদালতে যাচ্ছেন
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় চার্জশিট গ্রহণের শুনানিতে মঙ্গলবার ঢাকার নিম্ন আদালতে হাজির হবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হকের আদালতে এই শুনানি হবে।
খালেদা জিয়ার আদালতে হাজির হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদ ও জয়নুল আবেদীন মেজবাহ।
তারা জানান, বেলা ১টা নাগাদ খালেদা জিয়া ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির হবেন।
খালেদা জিয়ার উপস্থিতিতে এ মামলার শুনানির কথা বলে আইনজীবীরা সময় প্রার্থনা করায় এর আগে ১৪ বার সময় পেছানো হয়েছে।
ফাইল ছবি
অন্যতম আসামী হারিছ চৌধুরী মামলার শুরু হতেই পলাতক আছেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি কেনায় ৩ কোটি ১৫ লাখ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ এনে ২০১১ সালের ৮ অগাস্ট তেজগাঁও থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। গত বছরের ১৬ জানুয়ারি এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০০৫ সালে কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’ এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়। কিন্তু জমির দামের চেয়ে অতিরিক্ত ১ কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়, যার কোনো বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি।
