২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জামায়াত ভর করায় বিএনপি অন্ধ’

জামায়াতে ইসলামী ‘ভর’ করায় বিএনপি সরকারের সাফল্য দেখতে পাচ্ছে না বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 02:00 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “সরকারের সাফল্যের পাল্লা এত ভারী যে তা কল্পনাও করা যায় না।

“কিন্তু এই সাফল্য বিএনপির চোখে পড়ে না। কারণ গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব নস্যাৎ করার জন্য ঘাতক জামাত-শিবির তাদের ওপর ভর করেছে।”

‘সরকারের সাফেল্যের চার বছর’ শীর্ষক ওই আলোচনা সভায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “বছরের প্রথমেই আমরা শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছি, বিদ্যুৎ উৎপাদন বেড়েছে, অনলাইনে টেন্ডার, পাসপোর্ট ইস্যু হচ্ছে।”

আন্দোলনের নামে বিএনপি ‘এক/এগারো’র মতো পরিস্থিতি সৃষ্টি করতে চায় বলেও দাবি করেন আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম।

তিনি বলেন, জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে নিজেদের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নিয়ে যাচ্ছে বিএনপি।

জনগণের মধ্যে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে বিএনপিকে সংসদে যোগ দেয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বিএনপিসহ সকল গণতান্ত্রিক দলের অংশগ্রহণে নির্বাচন হবে। এ লক্ষ্যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হয়েছে। এক্ষেত্রে কোনো পরামর্শ থাকলে দিন। নির্বাচনে অংশ নিতে চাইলে অবিলম্বে সংসদে আসুন।”

‘জনতার প্রত্যাশা’ নামের একটি সংগঠন আয়োজিত ওই আলোচনা সভায় অন্যদের মধ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, জাতীয় কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিম ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।