কর্মসূচি পালনে সরকারের সহযোগিতা চায় বিএনপি
১৮ দলীয় জোটের ঘোষিত মানবপ্রাচীর কর্মসূচি সুষ্ঠুভাবে পালনে সরকারের সহযোগিতা চেয়েছে বিএনপি।
নির্দলীয় সরকারের দাবিসহ ‘গুম-হত্যার’ প্রতিবাদে মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে।
রাজধানীর মহাখালী থেকে শুরু হয়ে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত সড়কের পাশে দাঁড়িয়ে মানবপ্রাচীর গড়ে তুলবেন ১৮ দলের নেতা-কর্মী ও সমর্থকরা।
সোমবার বিকালে এই জোটের মহানগর নেতাদের বৈঠকের পর এক সংবাদ ব্রিফিঙে বিএনপি স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এ সহযোগিতা চান।
“এই কর্মসূচি সফল করতে সরকার ও পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।”
নয়া পল্টনে দলের মহানগর কার্যালয়ের মওলানা ভাসানী মিলনায়তনে মহানগর ১৮ দলীয় জোটের এই প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে তরিকুল দাবি করেন, তারা নির্দলীয় সরকারের দাবিতে মানববন্ধন, মানবপ্রাচীরের মতো কর্মসূচি দিয়ে জনমত সৃষ্টি করেছেন। এরপরও সরকার বলছে, তারা দলীয় সরকারের অধীনেই নির্বাচন করবে।
“তাদের ভাবটা এমন, আমি আর আমার মামু ছাড়া আর কেউ নির্বাচন করতে পারবে না।”
মানবপ্রাচীর কর্মসূচির যৌক্তিকতা তুলে ধরে সাবেক এই মন্ত্রী জানান, এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে- দেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা। দেশ থেকে ‘লুটপাটতন্ত্র উৎপাটন’ করতে এই কর্মসূচি দেয়া হয়েছে।
এই কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকাসহ সারা দেশের মানুষ সরকারের বিরুদ্ধে ‘গণ অনাস্থা’ প্রকাশ করবে বলে তিনি মনে করেন।
সরকারের চার বছরের কথিত দুর্নীতি ও অপশাসনের কঠোর সমালোচনা করে তরিকুল অারো বলেন, আওয়ামী লীগের এখন দুই কান কাটা বলে তারা রাস্তার মাঝখান দিয়ে হাটছে। দেশের মানুষ নির্বিঘ্নে নিশ্বাস নিতে এই সরকারের পতন চায়।”
সংবাদ ব্রিফিঙে মহানগর আহবায়ক ও বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, সদস্য সচিব আবদুস সালাম, যুগ্ম আহবায়ক আবু সাঈদ খান খোকন, জামায়াতে ইসলামীর শফিকুল ইসলাম মাসুদ, কবির আহমেদ, ইসলামী ঐক্যজোটের শেখ লোকমান হোসেন, বাংলাদেশ জাতীয় পার্টির মতিন সাউদ, খেলাফত মজলিশের নোমান মাজহারী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির খালেদ সাইফুল্লাহ, জাগপার আসাদুর রহমান খান, ন্যাশনাল পিপলস পার্টির মোস্তাফিজুর রহমান, কল্যাণ পার্টির নুরুল কবীর পিন্টু, ন্যাপ এর শহীদ উন নবী বাবলু, এনডিপির জামিল আহমেদ, ন্যাপ ভাসানীর খালেদ শাহরিয়ার, লেবার পার্টির আহসান উল্লাহ শামীম, ডেমোক্রেটিক লীগের মামুন আহমেদ, পিপলস লীগের সারোয়ার খান প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কর্মী সভা
নয়া পল্টনের কার্যালয়ে বিকালে মানবপ্রাচীর কর্মসূচি সফল করতে সংগঠন দুটি পৃথক কর্মী সভা করেছে।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে মীর সরফত আলী সপু,শফিউল বারী বাবু, আলী রেজা রিপন, ইয়াসীন আলী এবং ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েলের সভাপতিত্বে সভায় হাবিবুর রশীদ হাবিব, বজলুল করীম চৌধুরী আবেদ, ওবায়দুল হক নাসির, রাজিব আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।
