‘ছাত্রদের কোন্দলের পেছনে শিক্ষক’
ছাত্র রাজনীতিতে অবক্ষয়ের জন্য শিক্ষকদের দায়ী করেছেন ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, “ছাত্র রাজনীতিতে শিক্ষক রাজনীতির অনুপ্রবেশ ঘটেছে। শিক্ষকরা রাজনৈতিক দল সমর্থন করতে পারে। তারা যদি রাজনীতি করে, তাহলে শিক্ষাদান করবে কারা।
“শিক্ষকরা রাজনীতি ও গ্রুপিং করে এবং একইসঙ্গে ছাত্র রাজনীতিতেও গ্রুপিং রাজনীতি চলে।”
যোগাযোগমন্ত্রী হিসেবে চট্টগ্রামে কয়েকটি কর্মসূচিতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন ওবায়দুল কাদের।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষকদের রাজনীতিতে সক্রিয়তা নিয়ে কথা বলেন।
ছাত্রদের রাজনীতিতে অনাগ্রহের কারণ অনুসন্ধান করার ওপর জোর দেন ছাত্রলীগের সাবেক এই সভাপতি।
“এসএসসি ও এইচএইচএসসি পাস করে কেন শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি করতে চায় না? ঘৃণা করে কেন? তা আমি জানতে চাই।”
মেধাবী শিক্ষার্থীদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাদের বলেন, “মেধাবীরা রাজনীতিকে ঘৃণা করলে খারাপরা রাজনীতি দখল করবে।”
“মেধাবীরা রাজনীতি না করলে আগামীতে জাতীয় সংসদ, মন্ত্রিপরিষদসহ দেশের দায়িত্বভার খারাপদের দখলে চলে যাবে।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের ছাত্রলীগের বিভিন্ন পক্ষের কোন্দলের দিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, “ট্রেনের বগিতে কেন রাজনীতি? কেন এতে গ্রুপ, উপ গ্রুপের রাজনীতি চলে?”
স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিয়ে দুই দিনব্যাপী সম্মেলনের শেষ দিন প্রধান অতিথি ছিলেন ওবায়দুল কাদের।
বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ ও বাংলাদেশ সোসাইটি ফর বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএসবিএমবি) এ সম্মেলন আয়োজন করে।
চবি উপ-উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন চবি উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, বিএসবিএমবির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইয়ারুল ইসলাম প্রমুখ।
দুই দিনব্যাপী সম্মেলনে বাংলাদেশসহ জাপান, চীন, সুইডেন ও মালয়েশিয়ার ৩০০ জন গবেষক ও শিক্ষক অংশ নেন। সম্মেলনে ১২০টি নিবন্ধ উপস্থাপিত হয়।
