টঙ্গীতে আখেরি মোনাজাতে খালেদা
টঙ্গীর একটি ভবনের ছাদ থেকে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
দুপুরে ১টার দিকে শুরু হওয়া এই আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিমের কল্যাণ কামনায় দোয়া করা হয়। এর মধ্য দিয়ে তিন দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হলো।
সকালে বিএনপি চেয়ারপার্সনের গাড়িবহর হোন্ডা ভবন প্রাঙ্গণে পৌঁছালে তার উপদেষ্টা এম এ মান্নান, জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী বাবুল আহমেদ, উপজেলা চেয়ারম্যান শাহেন শাহ তাকে স্বাগত জানান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সহ সভাপতি সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, প্রেস সচিব মারুফ কামাল খানও এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন।
ইজতেমায় যোগ দিতে আসা ধর্মপ্রাণ মুসলমানদের শুভেচ্ছা ও মোবাররকবাদ জানিয়ে এক বার্তায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেন, “টঙ্গীর বিশ্ব ইজতেমা বিশ্বে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত। এতে অংশগ্রহণকারী দেশ-বিদেশের অগণিত ধর্মপ্রাণ মানুষের অব্যাহত সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছি।”
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বার্তায় বলা হয়, “মোমিন-মুসলমানদের এই জমায়েত উপলক্ষে আমি আল্লাহর দরবারে দোয়া করছি- বিশ্বের সকল মানুষ যেন সংঘাত ও হানাহানি থেকে মুক্ত হয়ে সুখী ও আনন্দময় জীবনযাপন করতে পারে।”
