তুরাগ তীরে মানুষের ঢল
আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই টঙ্গীর ইজতেমা মাঠ অভিমুখে শুরু হয়েছে মানুষের ঢল।
রোববার বেলা সোয়া ১২টার পর বিশ্ব শান্তি কামনায় এই মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে তিন দিনের ইজতেমার প্রথম পর্ব।
এবার দিল্লির মাওলানা মো. জোবায়রুল হাসান আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে মুরুব্বিরা জানিয়েছেন। এর আগে হবে হেদায়তি বয়ান।
টঙ্গীর পথে শনিবার মধ্যরাত থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মোটর গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়। ফলে মোনাজাতে অংশ নিতে মুসুল্লিরা পায়ে হেঁটে ইজতেমাস্থলে পৌঁছান।
সকাল সাড়ে ৯ টার আগেই ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে মাঠের আশে-পাশের রাস্তা, অলি-গলিতে অবস্থান নেন পূণ্যার্থীরা।
ইজতেমাস্থলে পৌঁছাতে না পেরে কয়েক লাখ পুরানা খবরের কাগজ, পাটি, সিমেন্টের বস্তা ও পলিথিন বিছিয়ে মানুষ সড়কে বসে পড়েছেন। এছাড়া আশেপাশের ভবনের ছাদেও অবস্থান নিতে শুরু করেছেন অনেকে।
আখেরি মোনাজাত উপলক্ষে রোববার এ এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানাসহ বিভিন্ন অফিস-আদালতে ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে এবারও তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বীরা রেডিও-টিভিতে আখেরি মোনাজাত সরাসরি সম্প্রচারের অনুমতি দেননি। ক্যামেরায় মুরুব্বীদের ছবি তোলাও বারণ করে দিয়েছে ইজতেমা কর্তৃপক্ষ।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন শনিবার বাদ আসর প্রায় শত জোড়া বর-কনের বিয়ে সম্পন্ন হয়।
আগামি শুক্রবার শুরু হবে ইজতেমার তিন দিনব্যাপী দ্বিতীয় পর্যায়।
আরো মুসল্লীর মৃত্যু
ইজতেমা ময়দানে শনিবার রাতে আরো ৫ মুসল্লির মৃত্যু হয়েছে।
এরা হলেন- ভারতের কলকাতার চব্বিশ পরগনার মো. রফিক উদ্দিন (৬৩), ফরিদপুরের বোয়ালমারী থানার মৈন্দা গ্রামের আলাউদ্দিন শেখ (৫০), যশোরের মনিরামপুর থানার তেতুলিয়া এলাকার সৈয়দ আলী খান (৭০), হবিগঞ্জের লাখাইল থানার সিংহগ্রামের মো. ইব্রাহীম (৫০) ও চাঁদপুরের উত্তর দাজদি এলাকার আবুল খায়ের (৫৫)।
মাসলেহাল জামাতের জিম্মাদার মো. আদম আলী রোববার ফজরের নামাজের পর এই পাঁচজনের জানাজা হয়। এ নিয়ে গত তিন দিনে ইজতেমায় আসা নয় মুসল্লির মৃত্যু হয়েছে।
বিশেষ বাহন
টঙ্গী রেলওয়ে স্টেশনের কর্মকর্তা আবু তাহের জানান, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে আখাউড়া, কুমিল্লা ও ময়মনসিংহসহ বিভিন্ন রুটে ১৪টি বিশেষ ট্রেন চালুর ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
এছাড়া আখেরি মোনাজাতের আগে ও পরে সব ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রা বিরতি করবে।
গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন জানান, শনিবার রাত ১২টা থেকে রোববার আখেরি মোনাজাতের সময় পর্যন্ত টঙ্গী কলেজ গেইট থেকে কুড়িল বিশ্বরোড, সাভারের বাইপাইল থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি ছাড়া সাধারন যানবাহন চলাচল বন্ধ থাকবে।
তবে আখেরি মোনাজাত উপলক্ষে রোববার সকাল থেকে গাজীপুরের চান্দনা-চৌরাস্তা এলাকা থেকে ইজতেমাস্থল পর্যন্ত মুসল্লীদের সুবিধার্থে ৫০টি বিআরটিসি বাস ও ব্যক্তি মালিকানাধীন ৫০টি (ইজতেমার স্টিকার লাগানো) শাটল বাস চলাচল করছে।
