‘পার্বত্য চুক্তি বাস্তবায়নে কোনো সরকারই আন্তরিক নয়’
গত ১৫ বছরেও পার্বত্য শান্তি চুক্তির ‘যথাযথ’ বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।
শুক্রবার রাঙামাটিতে সপ্তাহব্যাপী প্রথম পার্বত্য উদ্যোক্তা মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা আরো বলেন, “এই চুক্তি বাস্তবায়নে বর্তমান সরকারসহ কোনো সরকারই আন্তরিক নয়।”
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, বর্তমানে পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া সম্পূর্ণ ‘অচলাবস্থায়’ রয়েছে। এই চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ আইন কার্যকরসহ জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগগুলো পুরোপুরি হস্তান্তর করা হয়নি।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি লারমা দাবি করেন, ‘অপারেশন উত্তরণ’ নামে এ অঞ্চলে চলছে ‘সেনা কর্তৃত্ব’। সেনা প্রশাসনের হাতে সিভিল প্রশাসন ‘জিম্মি’ হয়ে আছে। ফলে পার্বত্য আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ সকল ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারছে না।
১৯৯৮ সালে শেখ হাসিনার সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করে অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরে পাহাড়িরা। গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, যার চেয়ারম্যান হন সন্তু লারমা।
তবে ভূমি বিরোধসহ ওই চুক্তির সব ধারা এখনো বাস্তবায়িত হয়নি, যা নিয়ে অসন্তোষ রয়েছে সন্তু লারমা নেতৃত্বাধীন রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির।
রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গনে আয়োজিত উদ্ধোধনী অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা সভাপতিত্ব করেন।
মেলা উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাশেম।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাসুদ উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক জামিল আহমেদ, বেসিক ব্যাংকের ব্যবস্থাপক মোজাম্মেল হোসেন, মার্কেন্টাইল ব্যাংকের উপ-ব্যবস্থাপক এমএ ইউসুফ, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক দিদার মোহাম্মদ আব্দুর রউফ, কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপক জয়নাল আবেদীন প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উদ্যোক্তা উন্নয়ন পরিষদের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক বিপ্লব চাকমা ও নারী উদ্যোক্তা সূচরিতা চাকমা।
এ সময় মোবাইল ফোনে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
সপ্তাহব্যাপী এ মেলায় স্থানীয় নারী উদ্যোক্তাসহ দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তাদের পণ্য প্রদর্শিত হচ্ছে। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের(নারী উদ্যোক্তাসহ) জন্য এসএমই ঋণ বিষয়ে পরামর্শ ও সহযোগিতার জন্য ২৩টি ব্যাংকের স্টল রয়েছে।
