২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনার উৎকৃষ্ট স্থান সংসদ: সুরঞ্জিত

জাতীয় সংসদ প্রকাশ্য আলোচনার ‘উৎকৃষ্ট স্থান’ উল্লেখ করে বিরোধী দলকে সংসদে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

জেষ্ঠ্য প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 12:47 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

Image
আইনি ব্যবস্থা নেবেন সুরঞ্জিত

আইনি ব্যবস্থা নেবেন সুরঞ্জিত

শুক্রবার রাজধানীর গণগ্রন্থাগার অধিদপ্তরে এক স্মরণ সভায় আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত বলেন, “বিরোধী দলীয় নেত্রী তলে তলে আলোচনা চান না, খুবই ভালো কথা। আপনারা উপরে উপরে আলোচনা করতে চান, এর জন্য উৎকৃষ্ট স্থান হলো সংসদ, আপনারা সংসদে এসেই আলোচনা করুন।”

রাজনৈতিক বিরোধ নিরসনে বিএনপির সঙ্গে আলোচনা নিয়ে সম্প্রতি স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আলোচনা যে চলছে না, তা-ও কিন্তু না। আলোচনা রাজনীতির একটি চলমান প্রক্রিয়া। রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক দলের সব সময় কথা হয়, শুধু আনুষ্ঠানিকভাবে বসা হয়নি, আশা করি অচিরেই সাড়া পাব, আর সাড়া পেলে আনুষ্ঠানিক আলোচনায় বসব।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেন, ভিতরে ভিতরে আলোচনা নয়, প্রকাশ্য আলোচনা চান তারা।

বিএনপি ও সমমনা দলগুলো ত্রয়োদশ অধিবেশন থেকেই সংসদ বর্জন করে আসছে। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া টানা ৮৩ দিন অনুপস্থিত থাকার পর গত ১৮ মার্চ সংসদে ফিরলেও ওই অধিবেশনের পর আর সংসদে যাননি।

বিএনপি নেতা মওদুদ আহমেদ সম্প্রতি বলেছেন, কারো আহ্বান বা নিমন্ত্রণে নয়, বিবেকের তাড়নায় সংসদে  যাব।

তার কথার জবাবে সুরঞ্জিত বলেন, “কেন আপনি কারো আহ্বান বা নিমন্ত্রণে সংসদে যাবেন? আপনি প্রথমবার না হলেও দ্বিতীয়বারে নির্বাচিত হয়েছেন। সংসদে যাওয়াটা আপনার অধিকার, আপনি সেই অধিকার থেকেই সংসদে আসুন।”

“শুধু সদস্যপদ রাখার জন্য নয়, দেশকে এগিয়ে নিতে ও গণতন্ত্রের চর্চা করতেই সংসদে আসতে হবে।”

সুরঞ্জিত সেন বলেন, এক-এগারো জাতীয় ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে আবার এই এক-এগারোকে ডেকে আনবেন না। জাতি এই অধ্যায়ের পুনরাবৃত্তি চায় না।

প্রয়াত বাম রাজনীতিক ও সাংবাদিক নির্মল সেনের স্মরণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সভায় সুরঞ্জিত

বলেন, নির্মল সেন কতটা সাংবাদিক আর কতটা রাজনীতিক তার চেয়ে বড় কথা হলো তিনি একজন সর্বত্যাগী মানুষ। দেশ ও জাতির জন্য তিনি অনেক কিছুই দিয়েছেন। সর্বশেষ নিজের দেহটাকেও মেডিকেল কলেজকে দান করে গেছেন।তার মতো এমন একজন মহৎ ব্যক্তিকে জাতি চিরকাল  স্মরণ করবে।

স্মরণসভায় অন্যদের মধ্যে জোটের সিনিয়র সভাপতি ও অভিনেতা এটিএম শামসুজ্জামান, সহ-সভাপতি এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।